ডেস্ক রিপোর্ট | রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 28 বার পঠিত
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমারের সামরিক বাহিনী গণহত্যা চালিয়েছে কি না, তা নিয়ে আগামী বৃহস্পতিবার ঐতিহাসিক রায় দিতে যাচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক আইনের আওতায় এ রায়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর প্রভাব পড়তে পারে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে চলমান গণহত্যা মামলার বিচারিক মূল্যায়নেও।
২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর নৃশংস অভিযানের মুখে প্রাণ বাঁচাতে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। ওই অভিযানে গণহত্যা সংঘটিত হয়েছে—এ অভিযোগে ২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া আইসিজেতে মামলা করে।
১৯৪৮ সালের জাতিসংঘ গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে করা মামলাটির শুনানি ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনায় প্রায় সাত বছর সময় নিয়েছেন আদালতের বিচারকেরা।
আন্তর্জাতিক আইনে গণহত্যার অভিযোগ প্রমাণের ক্ষেত্রে কোনো জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে নিশ্চিহ্ন করার সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল কি না, তা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়গুলোর একটি।
রোহিঙ্গাদের পক্ষে কাজ করা আইনজীবীদের দাবি, গ্রামে গ্রামে হামলা, ঘরবাড়িতে অগ্নিসংযোগ, নির্বিচারে হত্যা, ধর্ষণ ও যৌন সহিংসতার ধারাবাহিক ঘটনা গণহত্যার উদ্দেশ্য প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
গত জানুয়ারিতে বাংলাদেশে আশ্রয় নেওয়া কয়েকজন রোহিঙ্গা শরণার্থীর সাক্ষ্যও রুদ্ধদ্বার শুনানিতে গ্রহণ করে আদালত। তাঁদের বর্ণনায় উঠে আসে হত্যাকাণ্ড, শিশুদের আগুনে নিক্ষেপ এবং গণকবরের ভয়াবহ অভিজ্ঞতা।
তবে মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, ২০১৭ সালের সামরিক অভিযান ছিল বিদ্রোহীদের বিরুদ্ধে পরিচালিত নিরাপত্তা অভিযান।
বিশ্লেষকদের মতে, আইসিজের এ রায় মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর পাশাপাশি গণহত্যা সংক্রান্ত আন্তর্জাতিক বিচারব্যবস্থায় গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার করা ইসরায়েলবিরোধী গণহত্যা মামলার বিচারিক মূল্যায়নেও এ রায়ের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে ১০ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়ে রয়েছেন। অন্যদিকে, মিয়ানমারের অভ্যন্তরে আনুমানিক ছয় লাখেরও কম রোহিঙ্গা বসবাস করছেন।
সূত্র: দ্য গার্ডিয়ান
Posted ১:৩৫ পিএম | রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।