ডেস্ক রিপোর্ট | রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 25 বার পঠিত
দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তি, যোগাযোগ দক্ষতাসহ (কমিউনিকেশন স্কিল) কর্মক্ষেত্রে প্রয়োজনীয় পেশাগত দক্ষতা অর্জনের বিষয়টি গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে।
রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রপতি এসব কথা বলেন। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বিষয়টি জানান।
সাক্ষাৎকালে উপাচার্য রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, বর্তমানে বিইউপিতে সাইবার সিকিউরিটি, ন্যানো টেকনোলজি ও ডেটা সায়েন্সসহ চাকরির বাজারের চাহিদাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পাঠদান করা হচ্ছে।
তিনি আরও জানান, দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে যোগাযোগ দক্ষতাসহ প্রয়োজনীয় পেশাগত দক্ষতা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ সময় বিইউপির আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান উপাচার্য। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ১২:৫৮ পিএম | রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।