জেলা প্রতিনিধি | রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 22 বার পঠিত
নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ওপর নির্মিত অস্থায়ী কাঠ ও বাঁশের সেতু উদ্বোধন করেছেন কয়েক শতাধিক শিক্ষার্থী। কোনো জনপ্রতিনিধি কিংবা সরকারি কর্মকর্তার পরিবর্তে শিক্ষার্থীদের হাত ধরে সেতুটির উদ্বোধন হওয়ায় স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয়েছে আনন্দ ও উচ্ছ্বাস। ব্যতিক্রমী এ আয়োজন ঘিরে এলাকায় দেখা দিয়েছে উৎসবমুখর পরিবেশ।
রবিবার (১৫ নভেম্বর) দুপুরে জেলার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় সেতুটির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ দোয়া মাহফিলের।
সেতুটি চালু হওয়ায় আগামী পাঁচ মাস সোমেশ্বরী নদীর দুই পাড়ের বাসিন্দাদের যাতায়াত সহজ হবে। পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা পর্যটকেরাও ছোট যানবাহন নিয়ে সহজেই বিভিন্ন দর্শনীয় স্থানে যেতে পারবেন।
স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে গত দুই বছর ধরে নদীর ওপর অস্থায়ী এ সেতু নির্মাণ করা হচ্ছে। প্রায় ৫৫০ ফুট দীর্ঘ সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে আনুমানিক ২০ লাখ টাকার বেশি।
উদ্যোক্তারা জানান, গতবারের তুলনায় এবার সেতুটি দুই লেনবিশিষ্ট করা হয়েছে। এতে একসঙ্গে বেশি মানুষ ও যানবাহন চলাচল করতে পারবে। ফলে নদীর দুই পাড়ের মানুষের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা দুর্গাপুর দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন এলাকা। এখানে রয়েছে সাদামাটির পাহাড়, হাজংমাতা রাশিমণির স্মৃতিজাদুঘর, বিজয়পুর, জিরো পয়েন্ট ও শতবর্ষী ক্যাথলিক গির্জাসহ অসংখ্য দর্শনীয় স্থান। এসব স্থান দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে পর্যটকেরা আসেন।
কিন্তু পাহাড়ি খরস্রোতা সোমেশ্বরী নদীর ওপর স্থায়ী সেতু না থাকায় বছরের ছয় মাসের বেশি সময় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের ইঞ্জিনচালিত নৌকায় নদী পারাপার হতে হয়। শুষ্ক মৌসুমে তাঁদের যাতায়াতের প্রধান ভরসা হয়ে ওঠে অস্থায়ী কাঠ ও বাঁশের সেতু।
এবার দুই লেনের সেতু চালু হওয়ায় স্থানীয়দের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ কিছুটা লাঘব হবে। একই সঙ্গে দুর্গাপুরের পর্যটনকেন্দ্রগুলোতে যাতায়াত আরও সহজ হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
Posted ১:৫৬ পিএম | রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।