ডেস্ক রিপোর্ট | রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 30 বার পঠিত
আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন কর্মসূচিতে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে সংস্থাটির সঙ্গে সরকারের দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে তাদের কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার কক্সবাজারে অর্থ মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আয়োজনে আন্তর্জাতিক ঋণ সম্মেলনের প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘আইএমএফের প্রোগ্রাম নিয়ে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। আশা করছি, তাদের কাজ জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে। এ সময়ের মধ্যে সবকিছু সম্পন্ন হবে।’
আইএমএফের শর্তের কারণে নতুন কর্মসূচি গ্রহণে বিলম্ব হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শর্তের কারণে সরকার আইএমএফের কর্মসূচি থেকে পিছিয়ে যায়নি। আগের কর্মসূচিটি বিগত সরকারের সময়ে নেওয়া হয়েছিল। সেখানে এমন কিছু বিষয় রয়েছে, যেগুলো নির্বাচিত সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়।
তিনি বলেন, ‘সময়ের প্রয়োজন আছে। রাতারাতি করতে গেলে এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে, যার কারণে জনগণকে ভুগতে হবে। এতে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়বেন।’
অর্থমন্ত্রী আরও বলেন, বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। এই পরিবর্তন বিবেচনায় নিয়ে দেশের অর্থনৈতিক কাঠামো নতুন করে সমন্বয় করতে হবে। সরকারের পঞ্চবার্ষিক উন্নয়ন কর্মসূচির সঙ্গে উন্নয়ন সহযোগীদের কার্যক্রমও সমন্বিত করা হচ্ছে।
তিনি জানান, বিশ্বব্যাংক, এডিবি ও জাইকা সরকারের উন্নয়ন কর্মসূচির সঙ্গে নিজেদের কার্যক্রম সমন্বয় করছে। সব উন্নয়ন সহযোগীকে সরকারের পরিকল্পনার সঙ্গে সমন্বিত করা না গেলে কাঙ্ক্ষিত কাজ বাস্তবায়ন সম্ভব হবে না। আইএমএফও সরকারের এই কর্মসূচির সঙ্গে সমন্বয় করছে।
Posted ১০:০০ এএম | রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।