নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত
থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন দ্বীপ ফুকেটে একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। সোমবার (১৬ নভেম্বর) ভোরে দ্বীপটির পাতং সমুদ্রসৈকতসংলগ্ন একটি বাণিজ্যিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্সকে পুলিশ জানিয়েছে, ফুকেটের পশ্চিম উপকূলে পাতং সমুদ্রসৈকতের কাছাকাছি যানবাহন ভাড়া দেওয়ার একটি প্রতিষ্ঠানের ভবন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের আরও কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে।
থাই কর্তৃপক্ষের তথ্যমতে, স্থানীয় সময় ভোর ৩টা ১৭ মিনিটের দিকে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দমকলকর্মীরা। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তাঁরা।
পুলিশ নিশ্চিত করেছে, হতাহতদের মধ্যে কোনো বিদেশি পর্যটক নেই। আহত ১৬ জনের মধ্যে ১৫ জন থাই নাগরিক এবং একজন মিয়ানমারের নাগরিক। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।
উল্লেখ্য, মাত্র চার মাস আগে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭ জন নিহত হয়েছিলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই দেশটিতে আবারও প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।
Posted ৭:১৫ এএম | সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।