ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত
সরকারের উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের সাংবিধানিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
মঙ্গলবার জাতীয় সংসদের শপথ কক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাস্তবায়নাধীন ‘স্ট্রেংথেনিং ইনস্টিটিউশন, পলিসিস অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস)’ প্রকল্পের আওতায় আয়োজিত এক ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারকরণ’ শীর্ষক এ অনুষ্ঠানে স্পিকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ একটি কার্যকর সংসদ। এ সংসদের সদস্যরা দক্ষ ও প্রশিক্ষিত। বিভিন্ন পেশার স্বনামধন্য ব্যক্তিরা জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে নির্বাচিত হয়ে এসেছেন।
তিনি বলেন, আইন প্রণয়নের পাশাপাশি সংসদ সদস্যদের আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। সরকারি উন্নয়ন প্রকল্পের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে প্রকল্প বাস্তবায়নের কারিগরি ও অন্যান্য জটিলতাও বেড়েছে। তাই সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সংসদ সদস্যদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
স্পিকার আরও বলেন, সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম এবং নিজ নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সামঞ্জস্য খুঁজে বের করতে হবে। সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি নির্ধারিত সময়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও প্রকল্পের গুণগত মান বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, এ ওরিয়েন্টেশন কর্মশালা থেকে অর্জিত জ্ঞান দেশে সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।
বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে স্পিকার বলেন, গত ১৫ বছর প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। ভোট জালিয়াতি, অর্থপাচার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে স্বৈরাচারী সরকার দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করেছে।
তিনি বলেন, সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সহযোগী হিসেবে ইউএনডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। স্বাগত বক্তব্য দেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন ইউএনডিপির সিনিয়র প্রোগ্রাম অ্যাডভাইজার ড্রাগান পপোভিচ।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩ জন সংসদ সদস্য অনির্বাচিতভাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। ১১ বছর পর নির্বাচিত সংসদে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা ও জবাবদিহি বেড়েছে।
তিনি বলেন, ২০১৫ সালে এসডিজি লক্ষ্যমাত্রা গৃহীত হলেও ২০১৪ সালের অনির্বাচিত সংসদ সদস্যরা এর বাস্তবায়নে জবাবদিহি নিশ্চিত করতে পারেননি। বর্তমান নির্বাচিত সংসদের জনপ্রতিনিধিরা এসডিজি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে স্পিকার সংসদের উন্নয়ন প্রকল্পে ইউএনডিপির নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদের হুইপ, সংসদ সদস্য, ইউএনডিপির প্রতিনিধি, প্রকল্প পরিচালকসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ১১:০৫ এএম | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।