ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

১০ পুলিশ সদস্য নিহতের পর পাকিস্তানে বন্ধ স্বর্ণ উত্তোলন, সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   19 বার পঠিত

১০ পুলিশ সদস্য নিহতের পর পাকিস্তানে বন্ধ স্বর্ণ উত্তোলন, সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সব ধরনের স্বর্ণ উত্তোলন ও খনি কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। কোহাটে ১০ পুলিশ সদস্য নিহতের ঘটনার পর অবৈধভাবে স্বর্ণ উত্তোলন এবং সেই অর্থ সশস্ত্র গোষ্ঠীগুলোর অর্থায়নে ব্যবহারের অভিযোগ সামনে আসায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রাদেশিক কর্তৃপক্ষ।

প্রদেশটির গভর্নর ফয়সাল করিম কুন্দির দাবি, অবৈধভাবে স্বর্ণ উত্তোলন করে প্রতি মাসে শত শত কোটি রুপি আয় করা হচ্ছে। এই অর্থের বড় একটি অংশ সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাতে যাচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, খাইবার পাখতুনখোয়ার কোহাট জেলায় প্রতি মাসে প্রায় ৯০ কেজি স্বর্ণ উত্তোলন করা হয়, যার বাজারমূল্য প্রায় ৪২০ কোটি রুপি। এর প্রায় ৮০ শতাংশ অর্থ আফগানিস্তানে চলে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তবে এসব অভিযোগ এখনো স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

সম্প্রতি অবৈধ স্বর্ণ উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে সংঘর্ষে ১০ পুলিশ সদস্য ও ১৮ জন সন্ত্রাসী নিহত হন। এ ঘটনার কয়েক দিন পরই স্বর্ণ উত্তোলন ও সন্ত্রাসে অর্থায়নের অভিযোগ সামনে আসে।

জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, শনিবার গভর্নর কুন্দি পুরো খাইবার পাখতুনখোয়া প্রদেশে সব ধরনের খনি কার্যক্রম বন্ধ এবং স্বর্ণ উত্তোলনের ইজারা বাতিলের ঘোষণা দেন। পাশাপাশি ইজারাগ্রহীতা ও ঠিকাদারদের সাত দিনের মধ্যে খনির এলাকা থেকে সব ভারী যন্ত্রপাতি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বর্ণ উত্তোলনের অর্থ যাচ্ছে সন্ত্রাসীদের হাতে?

গভর্নর ফয়সাল করিম কুন্দির অভিযোগ, অবৈধভাবে স্বর্ণ উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা খনির কার্যক্রম চালিয়ে যাওয়ার বিনিময়ে সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়মিত অর্থ দিতেন। পরবর্তী সময়ে সেই অর্থ সন্ত্রাসী কর্মকাণ্ডসহ পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন তৎপরতায় ব্যবহার করা হয়েছে।

তিনি জানান, অবৈধ স্বর্ণ উত্তোলনের কাজে হাজার হাজার ট্রাক্টর, ভারী ডাম্পার ও শ্রমিক নিয়োজিত ছিলেন। এ ছাড়া খনি ইজারা দেওয়ার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন গভর্নর।

কুন্দির প্রশ্ন, প্রতি মাসে প্রায় ৪৯২ কোটি রুপি মূল্যের স্বর্ণ উত্তোলন করা হলে মাত্র ৪৯২ কোটি রুপির বিনিময়ে কীভাবে ১০ বছরের জন্য খনির ইজারা দেওয়া হলো? এ ঘটনায় ইজারা প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও তদন্তের প্রয়োজন রয়েছে বলে ইঙ্গিত দেন তিনি।

কোহাটে যেভাবে নিহত হন ১০ পুলিশ সদস্য

কোহাটের কাছে দারাবো কাচ এলাকায় অবৈধ স্বর্ণ উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ ও স্থানীয় প্রশাসন। অভিযান শেষে ফেরার পথে পুলিশের ওপর হামলা চালায় জঙ্গিরা বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এ ঘটনায় ১০ পুলিশ সদস্য নিহত হন। পরে সংঘর্ষে ১৮ জন জঙ্গি নিহত হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। গভর্নর কুন্দির অভিযোগ, হামলাকারীদের সঙ্গে অবৈধ স্বর্ণ উত্তোলনের কাজে জড়িত ব্যক্তিদের যোগসাজশ রয়েছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

রাজনৈতিক ব্যক্তিদের সম্পৃক্ততার অভিযোগ

কোহাটের সংঘর্ষে জড়িতদের সহায়তার অভিযোগে ১২ জন রাজনৈতিক ব্যক্তির নাম উল্লেখ করেছেন গভর্নর। তাঁদের মধ্যে রয়েছেন সাবেক প্রাদেশিক মন্ত্রী আফতাব আলম, শাহরিয়ার আফ্রিদি ও খুররম জিশান।

তবে এসব রাজনৈতিক ব্যক্তির কারও বিরুদ্ধে এখনো পুলিশ মামলা করেনি বলে জানিয়েছেন কুন্দি। তাঁদের সম্পৃক্ততার অভিযোগও এখন পর্যন্ত স্বাধীনভাবে প্রমাণিত হয়নি।

তদন্তে গঠন হচ্ছে বিচার বিভাগীয় কমিশন

অবৈধ স্বর্ণ উত্তোলন ও কোহাটের সংঘর্ষের ঘটনা তদন্তে একটি বিচার বিভাগীয় কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন গভর্নর। এ ছাড়া নিহত পুলিশ কর্মকর্তা ডিএসপি হায়দার জামানের নামে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের অনুমোদন দিয়েছেন তিনি।

গভর্নর জানিয়েছেন, অবৈধ খননকাজে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে প্রদেশের খনিজ সম্পদ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ।

তদন্তে মূলত দুটি বিষয় গুরুত্ব পাবে—স্বর্ণ উত্তোলন থেকে পাওয়া অর্থ সত্যিই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কাছে গেছে কি না এবং কোহাটের সংঘর্ষের নেপথ্যে কারা জড়িত।

সূত্র: গালফ নিউজ ও জিও নিউজ।

Facebook Comments Box

Posted ১১:৫১ এএম | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।