ডেস্ক রিপোর্ট | রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 6 বার পঠিত
রয়টার্স ছবি
ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে মিষ্টি ও খাদ্যপণ্য তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ৩৬ জন। নিখোঁজদের উদ্ধারে ধ্বংসপ্রাপ্ত কারখানাটিতে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ইন্দোনেশিয়ার বান্তেন প্রদেশের সেরাং জেলায় কারখানাটিতে আগুন লাগে। অগ্নিকাণ্ডের পর রোববারও সেখানে উদ্ধার অভিযান অব্যাহত ছিল।
দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহত চারজনকে হাসপাতালে ও স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
কারখানাটি রাজধানী জাকার্তা থেকে প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
বান্তেন প্রদেশের গভর্নর আন্দ্রা সোনি জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় আগুন লাগার সময় কারখানাটির ভেতরে প্রায় ৬০ জন অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধারকারী সংস্থার সদস্যরা জানান, ভবনের ধ্বংসপ্রাপ্ত বিভিন্ন অংশে শ্রমিকরা আটকা পড়ে থাকতে পারেন। এসব এলাকায় তল্লাশি চালানোর পাশাপাশি অগ্নিনির্বাপণকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, নিখোঁজদের সন্ধানে যৌথ উদ্ধারকারী দলের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে উদ্ধার অভিযান পরিচালনার সময় উদ্ধারকর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, কারখানাটির মালিক প্রতিষ্ঠান পিটি ফনুসা আগুং মুলিয়া। প্রতিষ্ঠানটি লিংকডইনে নিজেদের ইন্দোনেশিয়ার অন্যতম বৃহৎ খাদ্য ও পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউনিফামের সহযোগী হিসেবে পরিচয় দিয়েছে।
এদিকে নিখোঁজ শ্রমিকদের স্বজনরা কারখানার বাইরে জড়ো হয়ে প্রিয়জনদের সন্ধানের অপেক্ষায় রয়েছেন। বার্তা সংস্থা এএফপির বরাতে স্থানীয় সম্প্রচারমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
Posted ১০:৪৬ এএম | রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।