ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

নতুন মজুরি বোর্ডে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২২ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

নতুন মজুরি বোর্ডে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী

নতুন মজুরি বোর্ডের মাধ্যমে তৈরি পোশাক খাতের শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে আগামী এক বছরের মধ্যে মালিক ও শ্রমিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও স্থিতিশীল কর্মপরিবেশ গড়ে তোলার প্রত্যাশা জানিয়েছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘দ্বিতীয় আন্তর্জাতিক পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা গবেষণা সম্মেলন ২০২৬’-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে সহযোগিতা করেছে ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, নেদারল্যান্ডস, সুইডেন ও কানাডা।

শ্রমমন্ত্রী বলেন, গার্মেন্টস খাতে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ সোচ্চার রয়েছে। আগামী এক বছরের মধ্যে মালিক ও শ্রমিকদের একই পরিবেশে দেখতে চান তিনি। নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।

তিনি বলেন, গবেষক, নীতিনির্ধারক, মালিক ও শ্রমিকদের সম্মিলিতভাবে কাজ করার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে এ সম্মেলন। কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের কর্মপরিবেশ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, পেশাগত রোগ, রাসায়নিক পদার্থের প্রভাব এবং নারী ও তরুণ শ্রমিকদের নিরাপত্তা নিয়ে গবেষণা বাড়ানো জরুরি।

এসব গবেষণার ফলাফল দেশের শ্রমনীতি প্রণয়ন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডাইফ) পরিদর্শন কার্যক্রম এবং সংশ্লিষ্ট প্রশিক্ষণ কর্মসূচিকে আরও কার্যকর করতে সহায়তা করবে বলে উল্লেখ করেন তিনি।

শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণা ও তথ্যভিত্তিক শ্রমনীতি প্রণয়ন, পরিদর্শন কার্যক্রম জোরদার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন শ্রমমন্ত্রী।

পাশাপাশি নারী, তরুণ ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। পেশাগত দুর্ঘটনা ও রোগ প্রতিরোধে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি সরকার, মালিক, শ্রমিক ও উন্নয়ন সহযোগীদের সম্মিলিত সহযোগিতার ওপরও গুরুত্ব দেন আরিফুল হক চৌধুরী।

Facebook Comments Box

Posted ১২:১৯ পিএম | রবিবার, ২২ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।