ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 13 বার পঠিত
রাজধানীর কাঁঠালবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের মধ্যে ইফতি সাবা (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল।
এ ঘটনায় দগ্ধ অন্য চারজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে সাবার এক বছর বয়সী ছেলে আরিস রহমান মাহাদের শরীরের ৫৭ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থাও আশঙ্কাজনক।
সাবার স্বামী আবদুর রহমান মানিকের শরীরের ৬ শতাংশ, পাশের কক্ষের ভাড়াটিয়া সানজিদা ইসলামের ৩৭ শতাংশ এবং তার মা শামসুন্নাহার বেগমের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। দগ্ধদের মধ্যে মানিক, সানজিদা ও শামসুন্নাহারের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর কাঁঠালবাগানের কাঞ্চন টাওয়ারের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন—স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কর্মকর্তা আবদুর রহমান মানিক (৩২), তার স্ত্রী ইফতি সাবা, তাদের এক বছর বয়সী ছেলে আরিস রহমান মাহাদ এবং পাশের কক্ষের ভাড়াটিয়া গ্রিন লাইফ নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা ইসলাম (২০) ও তার মা শামসুন্নাহার বেগম (৫২)।
দগ্ধ আবদুর রহমান মানিকের ভাষ্য, স্ত্রী ও সন্তানকে নিয়ে তারা ওই ফ্ল্যাটে সাবলেট থাকতেন। বৃহস্পতিবার সকালে বাসার ভেতরে বিকট বিস্ফোরণের শব্দে তার ঘুম ভেঙে যায়। এ সময় তার শরীরে আগুন ধরে যায়। পাশে শুয়ে থাকা শিশুটিও দগ্ধ হয়।
পরে শিশুকে নিয়ে তিনি ঘর থেকে বের হন। একে একে দগ্ধ অবস্থায় বের হন তার স্ত্রী এবং পাশের কক্ষের মা-মেয়ে।
মানিক জানান, তাদের বাসায় সিলিন্ডারের গ্যাস দিয়ে রান্না করা হয়। সিলিন্ডারটি ভবনের নিচে রাখা ছিল। রাতে গ্যাসের চুলা চালু ছিল অথবা কোনোভাবে গ্যাস লিকেজ হয়ে থাকতে পারে বলে তার ধারণা। সকালে তার স্ত্রী রান্নার জন্য চুলায় আগুন জ্বালাতে গেলে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হক সুমন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। তবে তারা পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। প্রতিবেশীরা দগ্ধদের হাসপাতালে নিয়ে যান।
তিনি জানান, বিস্ফোরণের শব্দে বাসার দরজা-জানালা ভেঙে যায়। প্রাথমিকভাবে গ্যাস লিকেজ থেকে জমে থাকা গ্যাসের কারণে এ বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
Posted ২:১৯ পিএম | শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।