ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ঐতিহাসিক আইসিজে রায়ের পর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে খলিলুর রহমান

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   15 বার পঠিত

ঐতিহাসিক আইসিজে রায়ের পর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে খলিলুর রহমান

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায় ঘোষণার পরদিন কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শন করেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে তিনি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। সেখানে রোহিঙ্গারা তাকে স্বাগত জানান। সফরকালে তিনি শরণার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দীর্ঘদিনের দুর্ভোগ, নিরাপত্তাহীনতা ও নিজ দেশে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা শোনেন।

সফরকালে খলিলুর রহমান বলেন, বিশেষ সময়ে, বিশেষ দিনে ও ঐতিহাসিক মুহূর্তে তিনি রোহিঙ্গা ক্যাম্পে এসেছেন। আগের দিন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগের মামলায় রায় দিয়েছেন। আদালতের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক ঘটনা।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ সফরের অংশ হিসেবে তিনি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শন করছেন। এর আগে তিনি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আইসিজের এ রায়কে ন্যায়বিচার ও আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পাশাপাশি নিজ দেশে ফিরে যাওয়ার প্রত্যাশা পূরণের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন রোহিঙ্গারা। তাদের আশা, আদালতের এ সিদ্ধান্তের ফলে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়বে এবং নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ সুগম হবে।

ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সভাপতি কিন মং বলেন, বাংলাদেশ সরকার ও এ দেশের মানুষ তাদের আশ্রয় দিয়ে জীবন বাঁচিয়েছেন। এ জন্য তারা কৃতজ্ঞ। তবে তারা চিরদিন শরণার্থীশিবিরে থাকতে চান না। তাদের চূড়ান্ত লক্ষ্য মিয়ানমারে নিজেদের ঘরে ফিরে যাওয়া।

তিনি বলেন, প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব, নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমান রোহিঙ্গাদের দুর্ভোগ ও প্রত্যাবাসনের আকাঙ্ক্ষার বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরও জোরালোভাবে তুলে ধরবেন।

Facebook Comments Box

Posted ৬:০৯ এএম | শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।