নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 9 বার পঠিত
হত্যা, আগুন-সন্ত্রাস ও কলকারখানা বন্ধের মতো কর্মকাণ্ডে দেশের মানুষ নিজেরাই নিজেদের ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, স্বাধীনতার ৫৭ বছরেও দেশের মৌলিক সমস্যাগুলোর সমাধান হয়নি। এসব সমস্যার সমাধান না হলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়।
শুক্রবার (২০ নভেম্বর) দেশের অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতির কাছে অনুষ্ঠানটি ছিল রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি নিজের শিকড়ে ফিরে যাওয়ার এক আবেগঘন উপলক্ষ। ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরবর্তী সময়ে এই প্রতিষ্ঠানেই শিক্ষকতা করেছেন। বক্তব্যে তিনি কলেজজীবনের স্মৃতিচারণা করেন এবং শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও বিভিন্ন জাতীয় আন্দোলনে ঢাকা কলেজের গৌরবোজ্জ্বল অবদানের কথা তুলে ধরেন।
তিনি বলেন, গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন।
এ সময় দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থার মান ও কার্যকারিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রপতি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জাতীয় জীবনে কতটা কার্যকর ভূমিকা রাখছে, তা নতুন করে মূল্যায়নের তাগিদ দেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের শিক্ষাব্যবস্থাটাকে আমূল ঢেলে সাজানো দরকার। আমাদের ছেলেরা গ্র্যাজুয়েট হচ্ছে, বাইরে বেরোচ্ছে; কিন্তু কর্মসংস্থান নেই। আমাদের শিক্ষাব্যবস্থাটাকে সেভাবেই ঢেলে সাজানো দরকার, যাতে করে সেটা সত্যিকারার্থেই ইফেক্টিভ (কার্যকর) হয়।’
দেশের প্রয়োজন ও সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি তরুণ শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনের মাধ্যমে গণতান্ত্রিক, মানবিক ও সাম্যের বাংলাদেশ গড়তে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি।
ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী উপলক্ষে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী, সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, আমন্ত্রিত অতিথি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ১২:১৩ পিএম | শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।