ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

তিন বছরের মধ্যে দেশীয় বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে: প্রধানমন্ত্রী

জেলা প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

তিন বছরের মধ্যে দেশীয় বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে: প্রধানমন্ত্রী

আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে দেশীয় বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ স্যাটেলাইট তৈরিতে কোনো বিদেশি বিজ্ঞানী যুক্ত থাকবেন না; সম্পূর্ণ দেশীয় বিজ্ঞানীদের মাধ্যমেই এটি তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে এভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।

তারেক রহমান বলেন, প্রযুক্তিগত বিপ্লবের এ যুগে দেশের তরুণ প্রজন্মকে যথাযথ তাত্ত্বিক শিক্ষা, গবেষণার সুযোগ এবং আধুনিক ল্যাব ও ইনকিউবেশন সুবিধা দেওয়া গেলে তারা শুধু এভিয়েশন বা মহাকাশবিজ্ঞানেই নয়, বৈশ্বিক উদ্ভাবনের প্রতিটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। এ জন্য প্রয়োজন কার্যকর ও মেধাভিত্তিক ইকোসিস্টেম গড়ে তোলা। বর্তমান সরকার সেই লক্ষ্যেই কাজ করছে।

চতুর্থ শিল্পবিপ্লবের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব এখন বিজ্ঞান ও প্রযুক্তির যুগে প্রবেশ করছে। আগামী বিশ্ব পরিচালিত হবে বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে। তাই এ ক্ষেত্রে পিছিয়ে থাকার অর্থ হলো নিজেকে এবং দেশকে পিছিয়ে রাখা। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে তরুণ প্রজন্মকে সেভাবেই প্রস্তুত হতে হবে।

তিনি আরও বলেন, শুধু বিমান চালনা বা পরিচালনার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। প্রয়োজনীয় পরিবেশ ও সহযোগিতা পেলে দেশের তরুণরা একদিন আকাশ জয় করতে সক্ষম হবে।

দেশীয় স্যাটেলাইট তৈরির পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘ইনশা আল্লাহ আগামী তিন বছরের মধ্যে আমরা নিজের দেশে তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব। একজনও বিদেশি থাকবেন না, প্রত্যেক বিজ্ঞানী হবেন আমাদের দেশের। দেশীয় বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে আমরা আকাশে পাঠাব।’

এভিয়েশন ও অ্যারোস্পেস খাতের গুরুত্ব তুলে ধরে সরকারপ্রধান বলেন, এ দুটি খাত শুধু প্রযুক্তিগত ক্ষেত্র নয়; বরং মানবজাতির জ্ঞান, উদ্ভাবনী শক্তি, সাহস ও সুদূরপ্রসারী স্বপ্নের বাস্তব প্রতিফলন।

তিনি জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে এভিয়েশন শুধু যাতায়াতের মাধ্যম নয়; আন্তর্জাতিক বাণিজ্য, পর্যটন, চিকিৎসা, শিক্ষা, কূটনীতি ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, ক্রমবর্ধমান অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য এবং পর্যটনশিল্পের বিকাশ এভিয়েশন ও অ্যারোস্পেস খাতের গুরুত্ব ও সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলেছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তরুণ প্রজন্মের সক্ষমতা ও সম্ভাবনা দেখে এ খাতের ভবিষ্যৎ নিয়ে তাঁর বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। যথাযথ শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের সুযোগ নিশ্চিত করা গেলে বাংলাদেশ এভিয়েশন ও অ্যারোস্পেস খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারবে।

Facebook Comments Box

Posted ৭:২০ এএম | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।