নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত
নারায়ণগঞ্জের ফতুল্লায় বন্ধ ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে স্বামী-স্ত্রীসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাদের শরীর ও মুখমণ্ডল পুড়ে গেছে। গুরুতর অবস্থায় তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার চারতলা বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন শাহিন, তার স্ত্রী লিমা পারভীন এবং তাদের এক আত্মীয়।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় ফ্ল্যাটটির দরজা-জানালা বন্ধ ছিল। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই ঘরে আগুন ছড়িয়ে পড়ে। দগ্ধদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করেন। বিস্ফোরণের তীব্রতায় ঘরের দরজা-জানালা ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের লাইনে লিকেজ অথবা চুলার চাবি খোলা থাকায় গ্যাস নির্গত হয়ে পুরো ফ্ল্যাটে জমে ছিল। সকালে রান্নার জন্য দিয়াশলাই জ্বালানো বা আগুনের সংস্পর্শে আসতেই জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে।
পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে এনে দগ্ধদের উদ্ধার করেন। তাদের প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তিনজনকেই ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী এক প্রতিবেশী জানান, দুর্ঘটনার পর ফ্ল্যাটে গিয়ে তিনি গ্যাসের চুলার চাবি খোলা অবস্থায় দেখতে পান।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল আল আরেফিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের লাইনের রাইজারের সুইচ খোলা থাকলেও রাতে গ্যাস সরবরাহ ছিল না। পরে হঠাৎ গ্যাস সরবরাহ শুরু হলে বন্ধ দরজা-জানালার কারণে তা ফ্ল্যাটের ভেতরে জমে যায়। সকালে চুলায় আগুন জ্বালানোর সময় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন দগ্ধ হন।
তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
Posted ৭:৩২ এএম | শনিবার, ২১ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।