ডেস্ক রিপোর্ট | শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 4 বার পঠিত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘খুনি’ ও ‘শত্রু’ হিসেবে আখ্যায়িত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনকে নিজের ‘বন্ধু’ বলে উল্লেখ করার পর এর প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন তিনি।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ট্রাম্প পুতিনকে কী নামে সম্বোধন করবেন, সেটি তাঁর ব্যক্তিগত বিষয়। তবে ইউক্রেনের কাছে পুতিন একজন শত্রু ও খুনি।
জেলেনস্কি বলেন, ‘আমাদের কাছে তিনি একজন শত্রু। আমাদের কাছে তিনি একজন খুনি।’ তাঁর দাবি, বিশ্বের অধিকাংশ মানুষই পুতিনকে খুনি হিসেবে বিবেচনা করেন। কারণ, তিনি প্রতিনিয়ত দিন-রাত মানুষ হত্যা করে চলেছেন।
এর আগে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে এক ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকের ফাঁকে পুতিনকে নিজের ‘বন্ধু’ বলে উল্লেখ করেন ট্রাম্প। এ সময় তিনি বলেন, পুতিনের সঙ্গে তাঁর বহু বছর ধরে চমৎকার সম্পর্ক রয়েছে।
ট্রাম্পের এমন মন্তব্যের সমালোচনা করে জেলেনস্কি বলেন, পুতিনকে বন্ধু হিসেবে সম্বোধন করার অর্থ হলো, তিনি যথেষ্ট চাপের মুখে নেই।
এদিকে, ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলার পরও পুতিন যুদ্ধ শেষ করতে আগ্রহী বলে মন্তব্য করেছেন ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, পুতিন ও জেলেনস্কি—দুজনই যুদ্ধের অবসান চান। দুই নেতার সঙ্গে তাঁর সুসম্পর্ক থাকাটা ইতিবাচক। তবে পুতিনকে বন্ধু হিসেবে উল্লেখ করার বিষয়ে নিজের অবস্থান থেকে সরে আসেননি ট্রাম্প। যদিও রাশিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের বন্ধু কি না, সে প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে যান তিনি।
জেলেনস্কির এমন বক্তব্যের পেছনে রয়েছে রাশিয়ার সাম্প্রতিক ভয়াবহ সামরিক অভিযান। ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির কয়েক দিন পর শুক্রবার কিয়েভের বিভিন্ন সেতু ও রেলওয়ে স্টেশন লক্ষ্য করে হামলা চালায় রাশিয়া। এতে অন্তত ৯ জন নিহত হন।
জেলেনস্কি এই হামলাকে চলতি বছরের সবচেয়ে বড় রুশ হামলা হিসেবে বর্ণনা করেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, হামলায় ১১০টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়, যার মধ্যে ২৭টি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এ ছাড়া ৪০০টির বেশি ড্রোন দিয়েও হামলা চালানো হয়। এতে বহু বেসামরিক মানুষ হতাহত হন।
অন্যদিকে, ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। শুক্রবার ভোরে পোল্যান্ডের আকাশসীমায় তিনটি বস্তু প্রবেশের কথা জানিয়েছে দেশটির সরকার। এর মধ্যে একটি ছিল রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র।
Posted ৬:৪৬ এএম | শনিবার, ২১ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।