ডেস্ক রিপোর্ট | রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত
দীর্ঘদিনের প্রক্রিয়াগত জটিলতা, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এবং কাগজপত্রের নানা ঝামেলা দূর করতে ভূমি নিবন্ধন ব্যবস্থাকে ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার। ‘ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প’ বাস্তবায়িত হলে নিবন্ধন সেবায় স্বচ্ছতা বাড়ার পাশাপাশি কমবে নাগরিক হয়রানি, অনিয়ম ও ভূমি-সংক্রান্ত মামলা-মোকদ্দমা।
প্রচলিত কাগজনির্ভর পদ্ধতির পরিবর্তে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ব্যবহার করে দেশব্যাপী দলিল নিবন্ধন কার্যক্রম আধুনিকায়নের লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি পুরোপুরি চালু হলে নাগরিকরা অনলাইনে ভূমি-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পাশাপাশি নিবন্ধনের বিভিন্ন প্রক্রিয়াও সম্পন্ন করতে পারবেন। এতে নিবন্ধন কার্যালয়ে বারবার যাতায়াত এবং মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরশীলতা কমবে।
ডিজিটাল পদ্ধতিতে দলিল যাচাই ও নিবন্ধন কার্যক্রম সহজ হলে সম্পত্তি হস্তান্তরে স্বচ্ছতা বাড়বে এবং জালিয়াতি ও অনিয়মের সুযোগ কমবে। পাশাপাশি নিবন্ধন সম্পন্ন করতে সময় ও অর্থের সাশ্রয় হবে।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এর আগে জানিয়েছিলেন, ২০২৭ সালের দ্বিতীয়ার্ধ অথবা ২০২৮ সালের প্রথমার্ধের মধ্যে অনলাইন দলিল নিবন্ধন চালুর লক্ষ্য নিয়ে সরকার আইসিটি-ভিত্তিক অটোমেশন প্রকল্পটি বাস্তবায়ন করছে।
এই উদ্যোগের ইতিবাচক প্রভাব পড়বে বিচার ব্যবস্থায়ও। দেশের আদালতগুলোতে বিচারাধীন মামলার একটি বড় অংশ ভূমি-সংক্রান্ত বিরোধ নিয়ে। এসব মামলার কারণে আদালতের ওপর বাড়তি চাপ সৃষ্টি হওয়ার পাশাপাশি বিচারপ্রার্থীদের আর্থিক ও মানসিক দুর্ভোগও বাড়ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, স্বচ্ছ ও ডিজিটালভাবে যাচাইকৃত নিবন্ধন ব্যবস্থা চালু হলে সম্পত্তির মালিকানা-সংক্রান্ত নথির নির্ভুলতা বাড়বে। একই সঙ্গে জালিয়াতির মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের সুযোগ কমবে। এতে ভূমি-সংক্রান্ত বিরোধের সূত্রপাত অনেকাংশে ঠেকানো সম্ভব হবে, যা আদালতে এ ধরনের মামলার চাপ কমাতে সহায়ক হবে।
নিবন্ধন অধিদপ্তর জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অধিদপ্তরটি বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা রাজস্ব আয় করে। সম্পত্তির মালিকানা সুরক্ষা, আইনগত নথি সংরক্ষণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার ক্ষেত্রেও প্রতিষ্ঠানটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তবে অটোমেশন প্রকল্পের সফল বাস্তবায়নে দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক ও অবকাঠামোগত সীমাবদ্ধতা দূর করা জরুরি। বিশেষ করে মাঠপর্যায়ের সাব-রেজিস্ট্রি কার্যালয়গুলোর জনবল, প্রযুক্তি ও নিরাপত্তা-সংক্রান্ত ঘাটতি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সম্প্রতি রাজধানীতে একটি কর্মসূচির ফাঁকে আলোচনায় নিবন্ধন মহাপরিদর্শক (আইজিআর) শামীমা আফরোজ সারাদেশের সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে জনবল সংকট, দলিল ও নথি সংরক্ষণের অপর্যাপ্ত ব্যবস্থা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।
তিনি জানান, অটোমেশন কার্যক্রম এগিয়ে চলার পাশাপাশি দেশব্যাপী অটোমেটেড চালান (এ-চালান) ব্যবস্থা চালুর প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। তবে অনেক উপ-রেজিস্ট্রি অফিসে কম্পিউটার অপারেটর ও নৈশপ্রহরীসহ সাধারণ নিরাপত্তাকর্মীর অনুমোদিত পদও নেই।
শামীমা আফরোজ বলেন, ‘নিবন্ধন অধিদপ্তর নাগরিকদের গুরুত্বপূর্ণ সম্পত্তির দলিল সংরক্ষণ করে। কিন্তু প্রয়োজনের তুলনায় জনবল না থাকায় এসব গুরুত্বপূর্ণ দলিল ঝুঁকির মধ্যে রয়েছে।’
এ পরিস্থিতিতে অধিদপ্তরের সক্ষমতা বাড়াতে প্রাতিষ্ঠানিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তাঁর মতে, অটোমেশন প্রকল্প সফল করতে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের যথাযথ প্রশিক্ষণ, নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ এবং নির্ভরযোগ্য সার্ভার অবকাঠামো নিশ্চিত করতে হবে।
নতুন নিবন্ধন পদ্ধতি সম্পর্কে নাগরিকদের সচেতন করার ওপরও গুরুত্ব দেন নিবন্ধন মহাপরিদর্শক। তিনি বলেন, নতুন পদ্ধতি ও বিদ্যমান নিবন্ধন বিধি সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকলে নাগরিকরা বিভ্রান্ত হতে পারেন কিংবা প্রতারণার শিকার হতে পারেন। তাই অটোমেশন কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতামূলক উদ্যোগও প্রয়োজন।
প্রযুক্তিগত আধুনিকায়নের পাশাপাশি অধিদপ্তরের প্রশাসনিক কার্যক্রম সম্প্রসারণেও উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে প্রায় ৪৫টি নতুন সাব-রেজিস্ট্রি কার্যালয় স্থাপন করা হচ্ছে।
মন্ত্রণালয়ের অব্যাহত সহযোগিতা ও প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সহায়তা পেলে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা করে নিবন্ধন অধিদপ্তরের কার্যক্রম আরও শক্তিশালী করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন শামীমা আফরোজ।
তিনি বলেন, ‘ভবিষ্যতের জন্য আমাদের অঙ্গীকার মূলত তিনটি প্রতিশ্রুতির ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত—স্বচ্ছতা, দ্রুত সেবা প্রদান এবং জনসাধারণের হয়রানি সম্পূর্ণ অবসান করা।’
নিবন্ধন সেবাকে আরও দক্ষ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ব্যবস্থায় রূপান্তর করতে অধিদপ্তর প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।
Posted ১২:১২ পিএম | রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।