ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সৌদি জোটের অভিযানের পর রিয়াদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, ৩টি ধ্বংসের দাবি

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ২১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

সৌদি জোটের অভিযানের পর রিয়াদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, ৩টি ধ্বংসের দাবি

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিশেষ সামরিক অভিযানের পর সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতি বিদ্রোহীরা। তবে ক্ষেপণাস্ত্রগুলো আকাশেই প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

শনিবার (২১ নভেম্বর) ভোরে এ হামলার ঘটনা ঘটে। এ সময় রিয়াদে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সতর্কতা তুলে নেওয়া হয়। এ সময় দুটি বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক।

বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রিয়াদ অভিমুখে ধেয়ে আসা তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। অন্যদিকে হুতিরা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর কথা জানিয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে রাজধানী রিয়াদও রয়েছে।

এর আগে শুক্রবার (২০ নভেম্বর) লোহিত সাগরের বন্দরনগরী হোদেইদাসহ ইয়েমেনের কয়েকটি এলাকায় সামরিক অভিযান চালায় সৌদি নেতৃত্বাধীন জোট। জোটের দাবি, হোদেইদা বন্দরে অস্ত্র চোরাচালান ও ক্ষেপণাস্ত্র পরিবহনে ব্যবহৃত স্থাপনাগুলো লক্ষ্য করে এ হামলা চালানো হয়। একই সঙ্গে সানা, সাদা ও তাইজ প্রদেশের সামরিক স্থাপনাতেও হামলা চালানো হয়।

এ অভিযানের পর সৌদি আরবের জেদ্দাসহ লোহিত সাগর উপকূলের বিভিন্ন বন্দরে পাল্টা হামলার হুমকি দেয় হুতিরা। পাশাপাশি সৌদি আকাশসীমাকে অনিরাপদ ঘোষণা করে বিমান সংস্থাগুলোকে ওই আকাশসীমা এড়িয়ে চলার সতর্কবার্তা দেয় গোষ্ঠীটি।

এ ছাড়া রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট এড়িয়ে চলতে সাধারণ মানুষকে সতর্ক করে হুতিরা। এলাকাটিকে সামরিক লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করে তারা। এর আগে বৃহস্পতিবার হুতিদের হামলায় সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) কার্যালয় থাকা রিয়াদের সবচেয়ে উঁচু ভবনটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে।

হোদেইদা বন্দরে হামলার আগে বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার সতর্কবার্তা দিয়েছিল সৌদি নেতৃত্বাধীন জোট। জবাবে সৌদি আরবের বন্দর, বিদ্যুৎকেন্দ্র ও অর্থনৈতিক স্থাপনায় পাল্টা হামলার হুমকি দেয় হুতিরা।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেন, হোদেইদা বন্দরে অস্ত্র চোরাচালান এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিবহনে ব্যবহৃত সক্ষমতাকে লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। এ ছাড়া সানায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা এবং একটি সরবরাহকেন্দ্রেও হামলা চালানো হয়েছে।

অন্যদিকে হুতিদের সামরিক মুখপাত্র দাবি করেছেন, সৌদি আরবের আল-শুকাইক বিদ্যুৎকেন্দ্র ও জিজান বন্দরে হামলা চালানো হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে গোষ্ঠীটি। তবে এসব দাবির স্বাধীন কোনো যাচাই পাওয়া যায়নি।

ইয়েমেনের গৃহযুদ্ধে কয়েক বছর ধরে চলা যুদ্ধবিরতি গত জুলাইয়ে ভেঙে যাওয়ার পর নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিচ্ছে সৌদি আরব। অন্যদিকে দেশটির বড় অংশের নিয়ন্ত্রণে থাকা ইরান-সমর্থিত হুতিরা সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।

২০১৫ সালের শুরুর দিকে হুতিদের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপ শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। দীর্ঘদিনের এই সংঘাতে কয়েক লাখ মানুষ নিহত হয়েছেন। যুদ্ধের কারণে ইয়েমেনে সৃষ্টি হয়েছে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট।

এদিকে হুতিদের দাবি, গত ২৪ ঘণ্টায় সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় ইয়েমেনে ৪১ জন নিহত হয়েছেন। অন্যদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর দাবি, তাদের বিমান ও ড্রোন হামলা এবং কামানের গোলাবর্ষণে ১৯৩ জন হুতি যোদ্ধা নিহত বা আহত হয়েছেন। তবে হতাহতের এসব সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

Posted ৮:০১ এএম | শনিবার, ২১ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।