ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   166 বার পঠিত

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী

ঢাকার আদালত থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়েছেন বিস্ফোরক মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজা (৩০)।

রোববার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরের বাইমাইল এলাকার ময়লার ভাগাড়ের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও কারাগার সূত্র জানায়, বিচারিক কার্যক্রম ও মামলার শুনানির জন্য রোববার সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ৩০ আসামিকে ঢাকার মেট্রোপলিটন আদালতে নেওয়া হয়। আদালতের কার্যক্রম শেষে বিকেলে তাদের পুনরায় কাশিমপুর কারাগারে ফিরিয়ে নেওয়া হচ্ছিল।

পথে আসামি রাজা শৌচাগারে যাওয়ার কথা বলে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। আসামিবাহী গাড়িটি বাইমাইল এলাকায় পৌঁছালে সঙ্গে থাকা এক এসআই তাকে শৌচাগারে যাওয়ার জন্য গাড়ি থেকে নামান।

এ সময় সুযোগ বুঝে দৌড়ে পালিয়ে যান রাজা ওরফে পিচ্চি রাজা। পরে বাকি ২৯ আসামিকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।

সূত্র জানায়, চলতি বছরের ১৯ মে ঢাকার মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত রাজা ওরফে পিচ্চি রাজাকে গ্রেফতার করে পুলিশ। তিনি স্ত্রী ও শ্যালকসহ নেপাল থেকে দেশে ফেরার পর তাদের গ্রেফতার করা হয়। এ সময় বিমানবন্দরে অবস্থান নিয়ে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাদের হেফাজতে নেয় পুলিশ।

রাজা ওরফে পিচ্চি রাজার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাহেরুল হক চৌহান বলেন, ঢাকা আদালত থেকে কাশিমপুর কারাগারে আনার পথে একজন বন্দি পালিয়ে গেছেন। ওই বন্দি টয়লেটে যাওয়ার জন্য চিৎকার-চেঁচামেচি করছিলেন। পরে তাকে টয়লেটে যাওয়ার জন্য নিচে নামানো হলে তিনি পালিয়ে যান।

তিনি বলেন, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। বিস্তারিত পরে জানানো যাবে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, রাজা ওরফে পিচ্চি রাজাকে পুলিশ আজ আদালতে নিয়ে যায়। আদালত থেকে ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে তিনি পালিয়ে গেছেন। তিনি বিস্ফোরক আইনের একটি মামলায় বন্দি ছিলেন।

Facebook Comments Box

Posted ৫:৩২ এএম | সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।