ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২২ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয় থেকে শুধু সনদধারী নয়, কর্মসংস্থান উপযোগী দক্ষ গ্র্যাজুয়েট তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়কে কোনোভাবেই বেকারত্বের কারখানায় পরিণত করা যাবে না। একই সঙ্গে বর্তমান চাকরির বাজারে প্রয়োজন নেই, এমন নতুন বিভাগ খোলার অনুমোদন না দিতেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট কিংবা গবেষণার জন্য অর্থের অভাব নেই। কীভাবে এসব অর্থ কাজে লাগানো যায় এবং গবেষণার ক্ষেত্র নির্ধারণ করা যায়, তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিহ্নিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ে অপ্রয়োজনীয় বিভাগ খোলার প্রবণতা বন্ধ করতে হবে। অতীতে শিক্ষক ও ছাত্ররাজনীতির কারণে অনেক বিভাগ খোলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান শ্রমবাজারে চাহিদা নেই, এমন কোনো বিভাগের অনুমোদন দেওয়া উচিত নয়।

শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক শুধু শিক্ষার্থীদের ইন্টার্নশিপের মধ্যে সীমাবদ্ধ না রাখার পরামর্শ দেন তিনি। শিক্ষকদেরও শিল্পপ্রতিষ্ঠানে গিয়ে কাজের বাস্তব পরিবেশ, দক্ষতার ঘাটতি ও শিল্প খাতের চাহিদা সম্পর্কে ধারণা নিতে হবে। এসব অভিজ্ঞতার ভিত্তিতে গবেষণা ও পাঠ্যক্রম সাজানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা হতে হবে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। বিশ্ববিদ্যালয় শিল্প খাতকে কী দিতে পারবে এবং শিল্পপ্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় থেকে কী সুবিধা পাবে, তা বিবেচনায় নিয়ে কার্যকর অংশীদারত্ব গড়ে তুলতে হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, প্রযুক্তির পরিবর্তনকে শুধু কর্মসংস্থানের জন্য হুমকি হিসেবে দেখার সুযোগ নেই। আশির দশকে কম্পিউটার ও মাইক্রোপ্রসেসরের আবির্ভাবের সময়ও চাকরি হারানোর আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু প্রযুক্তির বিকাশ নতুন কর্মক্ষেত্র ও সম্ভাবনার দ্বার খুলেছে। এআইয়ের ক্ষেত্রেও পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার প্রস্তুতি থাকতে হবে। বিশেষ করে অর্জিত জ্ঞানকে বাণিজ্যিকভাবে কাজে লাগানোর সক্ষমতা বাড়াতে হবে।

দেশের বেকারত্ব পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী বের হলেও সবার জন্য পর্যাপ্ত কর্মসংস্থান নিশ্চিত করা যাচ্ছে না। আগামী পাঁচ বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো কতসংখ্যক কর্মসংস্থান উপযোগী গ্র্যাজুয়েট তৈরি করতে পারবে, তার সুস্পষ্ট পরিকল্পনা থাকা প্রয়োজন।

এ ধরনের পরিকল্পনা প্রণয়নে নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত ও গবেষণার ওপর গুরুত্ব দেন শিক্ষামন্ত্রী। তবে প্রয়োজনীয় তথ্যের অভাবে অনেক ক্ষেত্রে গবেষণা ও নীতিনির্ধারণ বাধাগ্রস্ত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক ড. মো. মহিউদ্দিন।

সেমিনারে দেশের শতাধিক শিল্পপ্রতিষ্ঠানের নেতৃস্থানীয় প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী প্রতিনিধি, অফিসপ্রধান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি ও চেয়ারম্যানরা অংশ নেন।

Facebook Comments Box

Posted ২:২৯ পিএম | রবিবার, ২২ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।