ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

কিয়েভের কাছে রুশ হামলায় নিহত ৩, ধ্বংসস্তূপে আটকা প্রায় ১১ জন

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   4 বার পঠিত

কিয়েভের কাছে রুশ হামলায় নিহত ৩, ধ্বংসস্তূপে আটকা প্রায় ১১ জন

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি আবাসিক ভবনে রাশিয়ার হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও অন্তত ১১ জন আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

রবিবার (২২ নভেম্বর) সকালে কিয়েভের উত্তরে ডাইমার গ্রামের একটি পাঁচতলা আবাসিক ভবনে হামলা চালানো হয়। এতে ভবনটি পুরোপুরি ধসে পড়ে। উদ্ধারকর্মীরা এক শিশুসহ ৯ জনকে নিরাপদে উদ্ধার করেছেন। আহত অবস্থায় আরেক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে অন্তত ১১ জন আটকা পড়ে থাকতে পারেন। সম্ভাব্য জীবিতদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

নিখোঁজ ব্যক্তিদের কয়েকজনের স্বজন ও কাছাকাছি এলাকার বাসিন্দা মাইকোলা ওসাদনি জানান, বিস্ফোরণের শব্দে তিনি বিছানা থেকে ছিটকে পড়েন। তার শ্বশুর তখন চিৎকার করে বলছিলেন, ‘আমাকে বাঁচাও, আমি পুড়ে যাচ্ছি!’

ওলেনা খারকাভলিউক নামের আরেক বাসিন্দা জানান, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের মধ্যে তার মেয়ের এক সহপাঠী ও ওই সহপাঠীর মা রয়েছেন।
কালিনিনগ্রাদে বিরল বিমান হামলার সতর্কতা
এদিকে পোল্যান্ড ও লিথুয়ানিয়ার কাছে রাশিয়ার ছিটমহল কালিনিনগ্রাদে বিরল বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় গভর্নর এ তথ্য জানিয়েছেন। সেখানকার একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটির কাছে ড্রোনের তৎপরতার খবর অনলাইনে ছড়িয়ে পড়ার পর এ সতর্কতা জারি করা হয়।

শনিবার গভীর রাতে কালিনিনগ্রাদে সতর্কতা জারি করা হয়। এর কয়েক ঘণ্টা আগে ফিনল্যান্ড উপসাগরে ড্রোন হামলায় কালিনিনগ্রাদগামী রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজে আগুন ধরে যায়। রবিবারও ফিনল্যান্ডের জরুরি সেবা বিভাগ জাহাজটির আগুন নেভানোর চেষ্টা করছিল।

কালিনিনগ্রাদ রাশিয়ার বাল্টিক নৌবহরের গুরুত্বপূর্ণ ঘাঁটি। অনলাইনে প্রকাশিত ছবি ও ভিডিওতে বাল্টিয়স্ক শহরের আশপাশে ড্রোনের তৎপরতা দেখা গেছে। ওই শহরে রুশ নৌবহরের বড় একটি অংশ মোতায়েন রয়েছে। তবে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) তাৎক্ষণিকভাবে এসব ছবি ও ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক আগ্রাসন শুরুর পর এই প্রথম কালিনিনগ্রাদে বিমান হামলার সাইরেন শোনা গেল।

কালিনিনগ্রাদের গভর্নর আলেক্সেই বেসপ্রোজভানিখ জানান, লিথুয়ানিয়ার দিক থেকে আসা একটি ‘সন্দেহজনক বস্তু’র কারণে লিথুয়ানিয়া সীমান্তের কাছে নেমানস্কি জেলায় সতর্কতা জারি করা হয়। এলাকাটি বাল্টিয়স্ক থেকে প্রায় ১৭০ কিলোমিটার বা ১০৫ মাইল উত্তর-পূর্বে অবস্থিত।

চার বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধারাবাহিকতায় চলতি শীতের শুরুতে ইউক্রেনের বিভিন্ন এলাকা ও আবাসিক স্থাপনায় নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে মস্কো। সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে এবং বাল্টিক সাগরে রুশ জাহাজে হামলার ঘটনাও ঘটেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে পাল্টা আক্রমণ আরও বাড়িয়েছে রুশ বাহিনী।

ডাইমারের আবাসিক ভবনে হামলার বিষয়ে রাশিয়া আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। তবে ইউক্রেন হামলাটিকে বেসামরিক নাগরিকদের ওপর পরিচালিত আগ্রাসনের অংশ হিসেবে উল্লেখ করেছে।

সূত্র: এপি

Facebook Comments Box

Posted ৬:৪৪ এএম | সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।