ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ইরানের সঙ্গে চুক্তি নয়, ভ্যান্সকে আলোচনা থেকে সরিয়ে দিলেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

ইরানের সঙ্গে চুক্তি নয়, ভ্যান্সকে আলোচনা থেকে সরিয়ে দিলেন ট্রাম্প

ইরানের সঙ্গে শান্তি আলোচনা নিয়ে অবস্থান বদলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন নেই জানিয়ে আলোচনার উদ্যোগ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন তিনি। একই সঙ্গে এ প্রক্রিয়ায় যুক্ত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে সরিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অপরাধ ও দুর্নীতি দমনে মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই (এমইই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের সঙ্গে শান্তি আলোচনার পথ খুঁজতে দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের চেষ্টা চালাচ্ছিলেন ভ্যান্স। তবে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প স্পষ্ট করে জানান, ইরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রের।

ট্রাম্প লেখেন, ‘ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। সেই দিনগুলো অনেক আগেই পার হয়ে গেছে। তাদের অর্থ, শত শত বিলিয়ন ডলার আমাদের হাতে রয়েছে এবং তাদের প্রণালিও (হরমুজ) আমাদের দখলে।’

ট্রাম্পের এ বক্তব্য কয়েক দিন আগের অবস্থানের বিপরীত। এর আগে তিনি বলেছিলেন, ইরানের সঙ্গে রাজনৈতিক সমঝোতার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে এবং আলোচনা চলমান রয়েছে।

এদিকে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা থেকে ভ্যান্সকে সরিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে ডেমোক্র্যাট-শাসিত শহর ও অঙ্গরাজ্যগুলোতে অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাঁকে নির্দেশ দিয়েছেন ট্রাম্প।

ট্রাম্প লিখেছেন, ‘আমি ভাইস প্রেসিডেন্টকে অনুরোধ করেছি, তিনি যেন সেখানে চলমান ব্যাপক দুর্নীতি ও অপরাধের দিকে তাঁর সম্পূর্ণ মনোযোগ দেন।’

গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর ইরানের সঙ্গে রাজনৈতিক সমঝোতা পুনরুজ্জীবিত করার প্রচেষ্টায় সক্রিয় হয়ে ওঠেন ভ্যান্স। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিয়েও প্রকাশ্যে মতামত দেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভ্যান্স লিখেছিলেন, তাঁদের নির্বাচনী পরাজয়ের অন্যতম কারণ ছিল এই যুদ্ধ। প্রেসিডেন্ট নিজেও আগের রাতে এ কথা বলেছেন বলে উল্লেখ করেন তিনি। এ ছাড়া নির্বাচনে রিপাবলিকান পার্টির খারাপ ফলের জন্য ইসরায়েলের সঙ্গে দলটির সংশ্লিষ্টতাকেও দায়ী করেছিলেন ভ্যান্স।

এর আগে তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিনের এক সংবাদ সম্মেলনের বরাতে মিডল ইস্ট আই জানায়, কাতারে ভ্যান্স ও ইরানের জাতীয় নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাইয়ের মধ্যে বৈঠকের উদ্যোগ নেওয়া হচ্ছিল। যদিও ইরান আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনার সূচি নির্ধারণের বিষয়টি অস্বীকার করেছিল, তবে বৈঠক আয়োজনের জন্য যুক্তরাষ্ট্রের তৎপরতা চলছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে।

গত বুধবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ভ্যান্স নিজেই মোহসেন রেজাইয়ের সঙ্গে যোগাযোগ করে বৈঠকের অনুরোধ জানিয়েছিলেন। ওই প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্পের অনুমোদন নিয়েই এ যোগাযোগ করা হয়েছিল। তবে হঠাৎ করে ভ্যান্সকে আলোচনা প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হোয়াইট হাউসের উপদেষ্টাদের মধ্যে মতপার্থক্যের ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে তাড়াহুড়ো করছে না ওয়াশিংটন। কারণ, যুক্তরাষ্ট্র মনে করছে, হরমুজ প্রণালিতে তারা সুবিধাজনক অবস্থানে রয়েছে।

ট্রাম্পের আকস্মিক অবস্থান পরিবর্তনে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক মিত্র ও অংশীদারদের মধ্যে উদ্বেগ তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্রের নীতিগত অনিশ্চয়তার কারণে এরই মধ্যে ওই অঞ্চলের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ এ প্রসঙ্গে বলেন, দীর্ঘমেয়াদি অনিশ্চয়তার জন্য প্রস্তুত থাকা উচিত। এমন পরিস্থিতিতে কোনো চূড়ান্ত সমাধান কিংবা স্থিতিশীল আঞ্চলিক ব্যবস্থা নিশ্চিত ধরে নেওয়ার সুযোগ নেই।

এদিকে যুক্তরাষ্ট্রের অন্যান্য মিত্রও তেহরানের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছে। ইরাকের সুলাইমানিয়ায় অনুষ্ঠিত এক সম্মেলনে যুক্তরাষ্ট্র-সমর্থিত জ্যেষ্ঠ কুর্দি কর্মকর্তা ও প্যাট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তান পার্টির প্রধান বাফেল তালাবানি বলেন, ওয়াশিংটনের অবশ্যই তেহরানের সঙ্গে আলোচনা করা উচিত।

তিনি বলেন, ইরানিদের সঙ্গে কথা বলতে তাঁদের কোনো অসুবিধা নেই। ট্রাম্পের একজন মিত্র এবং একই সঙ্গে ইরানিদেরও একজন মিত্র হিসেবে তিনি মনে করেন, শক্তিশালী যুক্তরাষ্ট্রের পক্ষে তেহরানের সঙ্গে আলোচনা করা সম্ভব।

সূত্র: মিডল ইস্ট আই

Facebook Comments Box

Posted ৭:০৩ এএম | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।