ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 2 বার পঠিত
ইরানের যুবকদের বিয়ে সহজ করা, সন্তান জন্মদানে সহায়তা এবং পরিবারকেন্দ্রিক সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতাবা খামেনেয়ী। তিনি বলেছেন, শক্তিশালী ও উন্নত ইরান গঠনে জনসংখ্যা বৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) চতুর্থ জাতীয় জনসংখ্যা বৃদ্ধি পুরস্কার অনুষ্ঠানে পাঠানো এক বার্তায় এসব কথা বলেন তিনি।
বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা বলেন, জাতীয় দৃঢ়তা, অগ্রগতি এবং আগের যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী ইরান গড়ে তোলার জন্য ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে জনসংখ্যার কাঙ্ক্ষিত গুণগত ও সংখ্যাগত বৈশিষ্ট্য বজায় রাখা অপরিহার্য।
তিনি বলেন, জনসংখ্যা বৃদ্ধি দেশের সক্ষমতাকে বাস্তবে কাজে লাগানোর পাশাপাশি বিজ্ঞান, সংস্কৃতি, অর্থনীতি ও সামাজিক ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি এবং সেগুলোর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে শত্রুদের হুমকি ও বিদ্বেষমূলক কর্মকাণ্ড মোকাবিলায়ও এটি কার্যকর।
আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতাবা খামেনেয়ী বলেন, যুব বয়সে বিয়ের পথ সহজ করা, ব্যক্তিগত স্বাস্থ্য নিশ্চিত করা, সন্তান জন্মদানে সহায়তা করা এবং পরিবারকেন্দ্রিক সংস্কৃতির প্রসারে গুরুত্ব দেওয়া—এসবই ইরানকে আরও শক্তিশালী করার পথে কার্যকর পদক্ষেপ।
তিনি আরও বলেন, অতীতে জনসংখ্যা নীতির কারণে যে ঘাটতি সৃষ্টি হয়েছে, তা অবশ্যই পূরণ করতে হবে। জনসংখ্যা বৃদ্ধির কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের পাশাপাশি পরিবারকে কেন্দ্র করে ইতিবাচক সংস্কৃতি গড়ে তোলা জরুরি।
বার্তার শেষাংশে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, দেশের ভূখণ্ড ও জনগণের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এমন প্রত্যেক দেশপ্রেমিক ইরানি নতুন ইসলামী সভ্যতার মানদণ্ডে ইরানিদের বংশধারা অব্যাহত রাখার বিষয়ে দৃঢ় প্রেরণা ও সংকল্প ধারণ করবেন।
Posted ৩:৫২ পিএম | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।