ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

খাদ্যে ভেজাল রোধ ও প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থায় যেতে চায় সরকার : প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

খাদ্যে ভেজাল রোধ ও প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থায় যেতে চায় সরকার : প্রতিমন্ত্রী

খাদ্যে ভেজাল রোধ, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং চিকিৎসাকেন্দ্রিক ব্যবস্থা থেকে প্রতিরোধকেন্দ্রিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেছেন, ডায়াবেটিস মোকাবিলায় স্বাস্থ্য খাতের পাশাপাশি খাদ্য, কৃষি, বাণিজ্য, শিল্প ও শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ধারা নিউজ আয়োজিত ‘আজকের সতর্কতা, আগামীর সুস্থতা: ডায়াবেটিস মোকাবিলায় আমরা কতটা প্রস্তুত’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

ড. এম এ মুহিত বলেন, খাদ্যে ভেজাল রোধ এবং ডায়ালাইসিস মেশিন কেনার চিন্তা একই সূত্রে গাঁথা। রোগ হওয়ার পর চিকিৎসা দেওয়ার পাশাপাশি রোগ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গড়ে তোলাও জরুরি। ডায়াবেটিস মোকাবিলায় বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

প্রতিমন্ত্রী জানান, দেশে ডায়াবেটিসের প্রকৃত চিত্র জানতে জাতীয় জরিপ পরিচালনা করা হবে। চলতি বছরই ২০ থেকে ২৫টি উপজেলায় সমন্বিত স্বাস্থ্যসেবার পাইলট প্রকল্প চালুর পরিকল্পনা রয়েছে। উপজেলা পর্যায়ের নন-কমিউনিকেবল ডিজিজ (এনসিডি) কর্নারে ওষুধের বরাদ্দ ৩ থেকে ৫ হাজার কোটি টাকায় উন্নীত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। পাশাপাশি চারটি বিভাগীয় শহরে সমন্বিত নারীস্বাস্থ্য ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং শৈশব থেকেই পুষ্টি ও স্বাস্থ্যশিক্ষা চালুর ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।

গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম। তিনি জানান, দেশে আনুমানিক ১ কোটি ৩৯ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এর মধ্যে প্রায় ৫৪ লাখ মানুষ রোগটি শনাক্তের বাইরে রয়েছেন। অতিরিক্ত শর্করানির্ভর খাদ্যাভ্যাস, মাত্রাতিরিক্ত চিনি ও লবণ গ্রহণ এবং ফলমূল ও শাকসবজি খাওয়ার ঘাটতি ডায়াবেটিসের ঝুঁকি বাড়াচ্ছে।

বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. খালেদা ইসলাম সুষম খাবার গ্রহণে ‘প্লেট থিওরি’ অনুসরণের পরামর্শ দেন। অবস্টেট্রিকস অ্যান্ড গাইনোকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার ফ্যাকাল্টি লিড ডা. শারমিন আব্বাসী গর্ভকালীন ডায়াবেটিস মোকাবিলায় পুষ্টি পরামর্শ ও যথাযথ ক্লিনিক্যাল ফলোআপের গুরুত্ব তুলে ধরেন।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) আওতাধীন বারডেমের সেন্টার ফর হেলথ রিসার্চ অ্যান্ড ইমপ্লিমেন্টেশনের (সিএইচআরআই) ডেপুটি ডিরেক্টর ডা. নাভিদ আহমেদ মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. আব্দুল হামিদ ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রেসিডেন্ট অধ্যাপক ডা. হারুন আল রশিদ প্রাথমিক পাঠ্যক্রম থেকেই স্বাস্থ্যশিক্ষা চালুর পরামর্শ দেন। দৈনিক কালবেলার স্বাস্থ্য সম্পাদক রাশেদ রাব্বি বন্ধ হয়ে যাওয়া ‘স্কুল হেলথ প্রোগ্রাম’ পুনরায় চালুর দাবি জানান।

এ ছাড়া ফিটব্যাক রিসেটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মুকিদুজ্জামান, বসুন্ধরা মেডিকেল সিটির উদ্যোক্তা প্রতিষ্ঠান এস রহমান প্রপার্টিজের চেয়ারম্যান এস. এম. সাহিদুর রহমান এবং ধারা নিউজের সম্পাদক খায়রুল বাশার শামীম ডায়াবেটিস মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধারা নিউজের সম্পাদক খায়রুল বাশার শামীম। এতে টাইটেল স্পন্সর ছিল ফিটব্যাক রিসেট, স্ট্র্যাটেজিক পার্টনার বসুন্ধরা মেডিকেল সিটি এবং সহযোগিতায় ছিল আরমানি প্রপার্টিজ লিমিটেড।

Facebook Comments Box

Posted ১:৫১ পিএম | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।