নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 4 বার পঠিত
সহজ, নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলাকে সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, গণপরিবহনের মানোন্নয়ন ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে পরিবহন খাতে মানুষের ভোগান্তি কমাতে চায় সরকার।
সোমবার রাজধানীর গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, পরিবহন এখন শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের মাধ্যম নয়; এটি মানুষের নিরাপত্তা, সময়, স্বাচ্ছন্দ্য ও জীবনযাত্রার মানের সঙ্গে সরাসরি জড়িত। সরকারের লক্ষ্য এমন একটি পরিবহনব্যবস্থা গড়ে তোলা, যেখানে মানুষ সহজে, নিরাপদে ও কম সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন।
হাবিবুর রশিদ হাবিব বলেন, বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও নগরায়ণের বিস্তারের সঙ্গে তাল মিলিয়ে পরিবহনব্যবস্থাকেও আধুনিক ও কার্যকর করতে হবে। বিশেষ করে রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহনের মান উন্নয়ন এবং বিভিন্ন পরিবহনসেবার মধ্যে সমন্বয় প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।
প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে পরিবহনব্যবস্থা আরও সহজ ও কার্যকর হবে উল্লেখ করে তিনি বলেন, এতে মানুষের সময় সাশ্রয় হবে এবং যাতায়াতের ভোগান্তি কমবে।
সড়ক নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, সড়ক নিরাপত্তা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। দেশের প্রতিটি সড়ক নিরাপদ করা এবং প্রতিটি মানুষকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়। পরিবহন মালিক, চালক, যাত্রী ও বেসরকারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সরকারি-বেসরকারি অংশীদারত্বের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সরকার ও বেসরকারি প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করলে পরিবহন খাতে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব। সরকার প্রয়োজনীয় নীতিমালা ও সহযোগিতা দেবে। অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের প্রযুক্তি, বিনিয়োগ ও নতুন ধারণা নিয়ে এগিয়ে আসবে।
দেশের পরিবহন খাতে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
Posted ১২:০৭ পিএম | সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।