ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

হাটহাজারীর মিষ্টি মরিচের কদর দেশ ছাড়িয়ে মধ্যপ্রাচ্যে

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

হাটহাজারীর মিষ্টি মরিচের কদর দেশ ছাড়িয়ে মধ্যপ্রাচ্যে

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর তীরবর্তী এলাকায় চাষ হওয়া হাটহাজারীর ঐতিহ্যবাহী মিষ্টি লাল মরিচের সুনাম ছড়িয়ে পড়েছে দেশ-বিদেশে। তুলনামূলক কম ঝাল, বিশেষ ঘ্রাণ ও আকর্ষণীয় রঙের কারণে এ মরিচের কদর রয়েছে দেশজুড়ে। এমনকি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও রপ্তানি হচ্ছে হাটহাজারীর ঐতিহ্যবাহী এ মরিচ।

ব্রিটিশ আমল থেকেই হাটহাজারীর মিষ্টি মরিচ গৃহিণী ও রন্ধনশিল্পীদের কাছে জনপ্রিয়। রান্নায় স্বাদ, ঘ্রাণ ও রঙের বৈশিষ্ট্যের কারণে ধীরে ধীরে এর সুনাম ছড়িয়ে পড়ে। তবে ‘মিষ্টি মরিচ’ নাম হলেও এর স্বাদ মিষ্টি নয়; বরং বিশেষ সুগন্ধ ও তুলনামূলক কম ঝালের কারণেই এ নামের পরিচিতি পেয়েছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, এ মরিচের সুগন্ধ ও আকর্ষণীয় রঙের কারণে স্থানীয় বাজার ছাড়িয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও এর চাহিদা বাড়ছে।

হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন, নাঙ্গলমোড়া, ছিপাতলী, মেখল ও গড়দুয়ারা এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিশেষ করে হালদা নদীর তীরবর্তী এলাকা ও চরে কয়েকশ একর জমিতে এ মরিচ চাষ করা হয়। প্রাকৃতিক পরিস্থিতি অনুকূলে থাকলে প্রতি মৌসুমে কৃষকরা ৪০ থেকে ৬০ হাজার টাকার মরিচ বিক্রি করতে পারেন। এক ফসলের আবাদ শুরুতে ২০ থেকে ৩০ হাজার টাকা খরচ হলেও কৃষকরা প্রায় দ্বিগুণ লাভের আশা করেন।

কাঁচা মরিচ দিয়েও এ জাতের চাটনি ও সালাদ স্বাদ এবং ঘ্রাণে অনন্য। শুকনো অবস্থায় মরিচের রঙ আকর্ষণীয় লাল, আর কাঁচা অবস্থায় হলুদাভ সবুজ। হালদা নদীর অববাহিকায় চাষ হওয়ায় এটি ‘হালদা মরিচ’ নামেও পরিচিত।
হালদা মরিচের মাটি ও বৈশিষ্ট্য
হালদা নদীর তীরবর্তী জৈব পদার্থসমৃদ্ধ ও পানি নিষ্কাশন উপযোগী দোআঁশ মাটিতে এ মরিচ ভালো জন্মে। স্থানীয় কৃষকদের মতে, এখানকার বেলে-দোআঁশ মাটি ও জলবায়ু এ মরিচের ভালো ফলন এবং গুণগত মানের জন্য সহায়ক।

হালদা মরিচের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো হলো—
– রঙ: টকটকে কালচে লাল।
– ঘ্রাণ: মিষ্টি ও সুগন্ধযুক্ত।
– ঝাল: তুলনামূলক কম ঝাল।
– আকার: ২ দশমিক ৫ থেকে ৪ ইঞ্চি।
– গঠন: আকারে মোটা ও চামড়া পাতলা।
– গাছের উচ্চতা: ৩ দশমিক ৫ থেকে ৪ ফুট।
– প্রতি গাছে ফল: ৫০ থেকে ৮০টি মরিচ।
– আয়ুষ্কাল: ১২০ থেকে ১৩০ দিন।
– ফলন: হেক্টরপ্রতি ১ দশমিক ৫ থেকে ২ মেট্রিক টন।
– আবাদ মৌসুম: রবি মৌসুম।
অন্যান্য মরিচের তুলনায় দাম বেশি
বাজারে চাহিদা অনুযায়ী হালদা মরিচের দাম কেজিপ্রতি ৩৫০ থেকে ৬০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। মৌসুমভেদে দেশি ও অন্যান্য জাতের মরিচের তুলনায় এ মরিচের দাম কেজিতে ৫০ থেকে ১০০ টাকা বেশি বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে।

শুধু হাটহাজারী নয়, হালদা নদীর অববাহিকায় এ জাতের মরিচ পার্শ্ববর্তী রাউজান ও ফটিকছড়ি উপজেলাতেও চাষ হয়। একই বীজে চাষ হলেও হাটহাজারীর মরিচের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি। দূর-দূরান্ত থেকে ক্রেতারা এ মরিচ কিনতে হাটহাজারীতে আসেন।
কোথায় পাওয়া যায় হালদা পাড়ের মিষ্টি মরিচ?
চট্টগ্রামের হাটহাজারী উপজেলা সদরের কাচারি সড়কের মাঝামাঝি এলাকায় ‘মরিচহাটার গলি’তে প্রতি রোববার ও বৃহস্পতিবার এ মরিচ বিক্রি হয়। অন্যান্য মরিচের তুলনায় দাম বেশি হলেও ক্রেতাদের চাহিদা কম নয়।

শীত মৌসুমে চট্টগ্রামের অনেক মানুষ এ মরিচের চারা কেনার অপেক্ষায় থাকেন। মৌসুম শুরু হলে ফটিকছড়ি, রাউজানসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার কৃষকরা বীজ ও চারা কিনতে হাটহাজারী বাজারে ভিড় করেন।
দেশি জাতের মরিচের আবাদ বাড়াতে কৃষি অফিসের সুপারিশ
হাটহাজারী, রাউজান ও ফটিকছড়ির হালদা নদীর তীরবর্তী এলাকায় যুগ যুগ ধরে এ মরিচের চাষ হয়ে আসছে। তবে কৃষকদের নিজস্ব পদ্ধতিতে আবাদ, বীজ উৎপাদন ও সংরক্ষণের কারণে দীর্ঘমেয়াদে জাতটির মাতৃগুণ, বালাই সহনশীলতা ও অন্যান্য বৈশিষ্ট্য ক্রমশ কমে আসছে। এতে এ মরিচ চাষে কৃষকদের আগ্রহও কমছে। ফলে হাইব্রিড মরিচের চাষে ঝুঁকছেন অনেক কৃষক।

দেশি জাত হিসেবে হালদা মরিচের আবাদ টিকিয়ে রাখা ও বাড়ানোর জন্য কৃষি সংশ্লিষ্টদের মতে, সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে কয়েকটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ—
– হালদা মরিচের জার্মপ্লাজম সংগ্রহ, বৈশিষ্ট্য নিরূপণ ও উচ্চফলনশীল জাত উন্নয়নে বিশেষ গবেষণা কার্যক্রম গ্রহণ এবং বরাদ্দ নিশ্চিত করা।
– বিশুদ্ধ বীজ উৎপাদন, সংরক্ষণ ও বালাই ব্যবস্থাপনা প্রযুক্তি সম্প্রসারণে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া।
– মাটির জৈব পদার্থ বৃদ্ধি ও স্বাস্থ্য পুনরুদ্ধারে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ এবং মাটি পরীক্ষার ভিত্তিতে সুষম সার ব্যবহারের পাশাপাশি জৈব সার, ভার্মি কম্পোস্ট ও ট্রাইকো কম্পোস্ট ব্যবহারে কৃষকদের প্রণোদনা দেওয়া।
– হালদা মরিচকে স্থানীয় কৃষি ঐতিহ্য হিসেবে সংরক্ষণ ও উন্নয়নে বিশেষ কর্মসূচি গ্রহণ।
– হালদা মরিচের ব্র্যান্ডিং, ভৌগোলিক নির্দেশক (জিআই) নিবন্ধন ও বাজার সম্প্রসারণে উদ্যোগ নেওয়া।
– কৃষক সমবায় বা ‘হালদা মরিচ উৎপাদক গ্রুপ’ গঠন করে উৎপাদন, বীজ সংরক্ষণ ও বাজারজাতকরণে সরকারি সহায়তা দেওয়া।
– মরিচ প্রক্রিয়াজাত করে বাজারজাতকরণে উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদান।
মরিচের বাজারজাতকরণ নিয়ে প্রশ্ন তুলছেন কৃষক
পৌর সদরের মোহাম্মদপুর এলাকা থেকে মরিচ বিক্রি করতে আসা আলমগীর জানান, হাটহাজারীর মরিচ প্রতি কেজি ৫০০ থেকে ৫৫০ টাকা বিক্রি হয়। উপজেলার অন্যান্য বড় বাজারের তুলনায় হাটহাজারী বাজারে এ মরিচ কিছুটা সুলভ মূল্যে পাওয়া যায়। এ মরিচ কিনতে হাটহাজারীসহ বিভিন্ন এলাকার ক্রেতারা মরিচহাটার গলিতে ভিড় করেন।

তবে দেশের বিভিন্ন কোম্পানি হাটহাজারীর মরিচ নামে যে মরিচ বাজারজাত করছে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। আলমগীর বলেন, এসব কোম্পানি কখনো তাদের কাছ থেকে মরিচ কেনে না। তাহলে কোম্পানিগুলো কীভাবে হাটহাজারীর মরিচ নামে এসব পণ্য বাজারজাত করছে, তা প্রশ্নসাপেক্ষ।

হাটহাজারীর মিষ্টি মরিচ কিনতে আসা মেখল ইউনিয়নের ইছাপুর এলাকার বাসিন্দা ও মধ্যপ্রাচ্য প্রবাসীর স্ত্রী মিনুওয়ারা বেগম বলেন, ‘হাটহাজারীর মিষ্টি মরিচ দিয়ে রান্না করা তরকারি অত্যন্ত সুস্বাদু। বিভিন্ন জেলার মরিচের তুলনায় হাটহাজারীর মরিচের দাম অন্তত ২০০ টাকা বেশি। এ মরিচ আমরা শুধু নিজেদের রান্নার জন্যই ব্যবহার করি না, দেশের বাইরে থাকা প্রিয়জনদের কাছেও ক্রসিং মিলের মাধ্যমে গুঁড়ো করে পাঠিয়ে থাকি।’
হালদা মরিচের আবাদ বাড়াতে কাজ শুরু করেছে কৃষি অফিস
হাটহাজারী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মেজবাহ উদ্দিন জানান, ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশে হাটহাজারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হালদা মরিচের আবাদ বৃদ্ধিতে কাজ শুরু করেছে। ইতোমধ্যে ২২ বিঘা জমিতে এ কার্যক্রম শুরু হয়েছে। নিবিড় পরিচর্যা ও মনিটরিং করা হচ্ছে, যাতে ভবিষ্যতে হালদা মরিচকে হাটহাজারী উপজেলার জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া যায়। পাশাপাশি এ মরিচের চাষাবাদে অন্য কৃষকদেরও উৎসাহিত করা হচ্ছে।

সূত্র: বাসস

Facebook Comments Box

Posted ৭:১৩ এএম | সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।