ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

তিব্বতে ভূমিকম্পে ১৮ জনের মৃত্যু, তাইওয়ানের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   0 বার পঠিত

তিব্বতে ভূমিকম্পে ১৮ জনের মৃত্যু, তাইওয়ানের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন

চীনের তিব্বত অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধসে পড়েছে ৩৩৯টি বাড়ি, নিহত হয়েছেন ১৮ জন এবং আহত হয়েছেন অন্তত ৬৫ জন। অন্যদিকে, সুপার টাইফুন ‘চ্যাম্পি’র প্রভাবে বিপর্যস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে তাইওয়ানে। ঝড়টির প্রভাবে একজন নিহত ও ৯৪ জন আহত হয়েছেন। দুই দুর্যোগ মোকাবিলায় উদ্ধার তৎপরতা ও সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তিব্বতে ভূমিকম্পে ধসেছে ৩৩৯ বাড়ি

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তিব্বতে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৭। শুক্রবার সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শক্তিশালী এই ভূমিকম্পে ১৮ জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে জানিয়েছে, আহত হয়েছেন ৬৫ জন। তাঁদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর।

ভূমিকম্পের পর অনেক বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে বাইরে আশ্রয় নিয়েছেন। কেউ কেউ রাস্তায় রাখা নিজেদের গাড়িতে অবস্থান করছেন। ব্যাহত হয়েছে বিদ্যুৎ ও টেলিযোগাযোগ সেবা। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার, ত্রাণ ও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার তথ্য অনুযায়ী, নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ১২ হাজারের বেশি মানুষকে। উদ্ধার ও ত্রাণকাজে সহায়তার জন্য তিন শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আঞ্চলিক অগ্নিনির্বাপণ ও উদ্ধার বাহিনীর ৩৪৭ জন কর্মীকে ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয়েছে।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টা ৩৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এর উৎপত্তিস্থল ছিল পার্বত্য এলাকায়। এটি নাগচু শহরের প্রায় ১৯০ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে এবং তিব্বতের রাজধানী লাসা থেকে ৩৯০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিতে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, ভূমিকম্পের সময় রেস্তোরাঁর কর্মীরা দ্রুত বাইরে বেরিয়ে আসছেন। সুপারমার্কেটের তাক থেকে বিভিন্ন পণ্য নিচে পড়ে যাচ্ছে। উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে তল্লাশি চালাচ্ছেন। কয়েকটি ভবনের ছাদ ধসে পড়েছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যেতেও দেখা গেছে।

ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি দুর্যোগ মোকাবিলা কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ। বাকেন কাউন্টির মারু টাউনশিপের উপপ্রধান লাওয়াং দাগপো জানিয়েছেন, টাউনশিপ কার্যালয়েও ভূমিকম্পের কম্পন স্পষ্টভাবে অনুভূত হয়েছে। এতে কার্যালয়ের দেয়ালে ফাটল দেখা দিয়েছে।

তাইওয়ানে সুপার টাইফুনের হুমকি, বাতিল শত শত ফ্লাইট

এদিকে শক্তিশালী সুপার টাইফুন ‘চ্যাম্পি’র প্রভাবে উদ্বেগ বাড়ছে তাইওয়ানে। ঘূর্ণিঝড়টির প্রভাবে ইতিমধ্যে একজন নিহত ও ৯৪ জন আহত হয়েছেন। পাহাড়ি এলাকা থেকে প্রায় ১ হাজার ৩০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার তাইওয়ানের দক্ষিণ প্রান্ত থেকে প্রায় ৩২০ কিলোমিটার পূর্বে অবস্থান করছিল ঝড়টি। এর বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৯১ কিলোমিটার। ভারী বৃষ্টি ও প্রবল বাতাসের আশঙ্কায় দ্বীপটিতে সতর্কতা জারি করা হয়েছে। বাতিল করা হয়েছে শত শত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট।

তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন (সিডব্লিউএ) জানিয়েছে, ঝড়টির বিস্তৃতি প্রায় ৩২০ কিলোমিটার। ফলে দ্বীপটির অধিকাংশ এলাকায় এর প্রভাব পড়তে পারে।

পূর্বাভাস অনুযায়ী, চ্যাম্পি তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলের পাশ দিয়ে অতিক্রম করে উত্তর দিকে চীনের মূল ভূখণ্ডের দিকে যেতে পারে। পরে এটি দক্ষিণ জাপানের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে গতিপথ পরিবর্তন হলে তাইওয়ানে সরাসরি আঘাত হানার আশঙ্কাও রয়েছে।

ঝড়ের সতর্কতায় শুক্রবার তাইওয়ানের ২৬২টি অভ্যন্তরীণ ফ্লাইটের সব কটি বাতিল করা হয়েছে। পাশাপাশি ৬৬৯টির বেশি আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের খবর জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। বন্ধ রাখা হয়েছে দেশটির আর্থিক বাজার। তবে উত্তর থেকে দক্ষিণে চলাচলকারী উচ্চগতির রেলসেবা স্বাভাবিক রয়েছে।

উপকূলীয় শহরগুলোতে মুঠোফোনে সতর্কবার্তা পাঠিয়ে বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতিতে দমকা বাতাস বয়ে যাওয়ার আশঙ্কার কথাও জানানো হয়েছে।

এ ছাড়া রাজধানী তাইপের আশপাশসহ উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় প্রায় এক মিটার বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে সম্ভাব্য বন্যা ও ভূমিধসের ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

Facebook Comments Box

Posted ৭:১৭ এএম | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।