ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 1 বার পঠিত

যুক্তরাজ্যের তিনটি প্রধান বিমানবন্দরে বড় ধরনের সাইবার হামলায় প্রায় ৮৭ লাখ গ্রাহকের তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। চুরি করা তথ্য ফেরত দেওয়ার বিনিময়ে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে মুক্তিপণও দাবি করা হয়েছে। তবে সেই অর্থ দিতে অস্বীকৃতি জানিয়েছে কর্তৃপক্ষ।
আক্রান্ত বিমানবন্দরগুলো হলো—ম্যানচেস্টার, ইস্ট মিডল্যান্ডস ও লন্ডন স্ট্যানস্টেড। তিনটি বিমানবন্দরই ম্যানচেস্টার এয়ারপোর্টস গ্রুপের (এমএজি) মালিকানাধীন।
এমএজি জানিয়েছে, সপ্তাহান্তে চালানো হামলায় মূলত গ্রাহকদের ই-মেইল ঠিকানা, গাড়ির নিবন্ধন নম্বর ও পোস্টকোডসহ বিভিন্ন তথ্যে অননুমোদিতভাবে প্রবেশ করা হয়েছে। তবে আক্রান্ত সিস্টেমে গ্রাহকদের ব্যাংকিং বা পেমেন্ট-সংক্রান্ত তথ্য সংরক্ষিত ছিল না।
৮৭ লাখ গ্রাহকের তথ্য হ্যাকারদের হাতে
এমএজির তথ্যমতে, প্রায় ৮৭ লাখ গ্রাহকের তথ্য হ্যাকাররা অ্যাক্সেস করতে সক্ষম হয়েছে। এর বড় অংশই ছিল ই-মেইল ঠিকানা। বিমানবন্দরের টার্মিনালে বিনামূল্যের বা অন-সাইট ওয়াই-ফাই ব্যবহারের জন্য নিবন্ধন করা গ্রাহকদের এসব তথ্য মূলত হাতিয়ে নেওয়া হয়েছে।
এ ছাড়া কার পার্কিং বুকিং, লাউঞ্জ প্রবেশ ও ফাস্ট-ট্র্যাক সেবা নেওয়ার সময় দেওয়া গাড়ির নিবন্ধন নম্বর এবং পোস্টকোডও চুরি হয়েছে।
এমএজি বিবিসিকে জানিয়েছে, হ্যাকাররা তথ্য ফেরত দেওয়ার বিনিময়ে মুক্তিপণ দাবি করেছিল। তবে কত অর্থ দাবি করা হয়েছিল, তা প্রকাশ করা হয়নি।
যাত্রী ও বিমান চলাচলের নিরাপত্তা অক্ষত
এমএজি জানিয়েছে, সাইবার হামলার কারণে যাত্রীদের নিরাপত্তা কিংবা বিমান চলাচলে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি। পাশাপাশি চুরি হওয়া তথ্যের মধ্যে ক্রেডিট কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট বা সরাসরি অর্থ লেনদেনের তথ্য থাকার আশঙ্কাও নেই।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, গ্রাহকদের তথ্যের নিরাপত্তাকে তারা অত্যন্ত গুরুত্ব দেয়। হামলার ঘটনায় গ্রাহকদের উদ্বেগ ও অসুবিধার জন্য দুঃখও প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার হামলার বিষয়টি জানতে পারে এমএজি
মঙ্গলবার হামলার বিষয়টি শনাক্ত করার পর দ্রুত ব্যবস্থা নিয়ে হ্যাকারদের সিস্টেমে আরও প্রবেশের সুযোগ বন্ধ করা হয়। গ্রাহক ও নিজেদের সিস্টেম সুরক্ষিত রাখতে বিশেষজ্ঞ পরামর্শকদের সহায়তা নেওয়া হয়েছে।
ক্ষতিগ্রস্ত গ্রাহকদের বিষয়টি জানানো হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সরকারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকেও অবহিত করেছে এমএজি। তদন্তে তাদের সহযোগিতা করা হচ্ছে।
‘ফিশিং’ প্রতারণার আশঙ্কা
হামলার পেছনে থাকা হ্যাকারদের পরিচয় জানা গেছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে তারা কোন ব্যক্তি বা সাইবার অপরাধী গোষ্ঠীর সঙ্গে যুক্ত এবং কীভাবে বিমানবন্দরের সিস্টেমে প্রবেশ করেছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
এদিকে, চুরি হওয়া ই-মেইল ঠিকানা, পোস্টকোড ও গাড়ির নিবন্ধন নম্বর ব্যবহার করে গ্রাহকদের লক্ষ্য করে ‘ফিশিং’ বা প্রতারণামূলক বার্তা পাঠানোর আশঙ্কা রয়েছে।
এ কারণে অপরিচিত ই-মেইল বা খুদে বার্তার লিংকে ক্লিক না করা, সন্দেহজনক সংযুক্তি না খোলা এবং বিমানবন্দর-সংক্রান্ত বুকিং বা সেবা নিয়ে আসা অস্বাভাবিক বার্তার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
প্রায় ৮৭ লাখ গ্রাহকের তথ্য অ্যাক্সেসের ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। হামলার ধরন, চুরি হওয়া তথ্যের সুনির্দিষ্ট পরিমাণ এবং ভবিষ্যতে এ ধরনের হামলা ঠেকাতে নেওয়া ব্যবস্থা তদন্ত শেষে আরও স্পষ্ট হবে।
সূত্র: বিবিসি
Posted ২:৩৪ এএম | শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।