ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশি নিয়ে তথ্য দিচ্ছে না সৌদি, রায়ের কপি চেয়েছে ঢাকা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   16 বার পঠিত

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশি নিয়ে তথ্য দিচ্ছে না সৌদি, রায়ের কপি চেয়েছে ঢাকা

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিষয়ে এখনো নতুন কোনো তথ্য দেয়নি দেশটির সরকার। এ বিষয়ে বিস্তারিত জানতে সৌদি সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শুক্রবার (২৩ অক্টোবর) সৌদি আরবে হুতি হামলায় নিহত বাংলাদেশি শাহেদ আহম্মদের মরদেহ হস্তান্তরের সময় সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

শামা ওবায়েদ ইসলাম বলেন, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি সরকার এখনো কোনো তথ্য জানায়নি। এ ঘটনায় আদালতের রায়ের কপি চাওয়া হয়েছে। সেটি পাওয়া গেলে প্রকৃত ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এর আগে, গত ১৫ অক্টোবর মসজিদে অনৈতিক কাজের অভিযোগে নজরুল ইসলাম আব্দুল বশির ও সুইটি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয় জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। চিঠিতে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ, মামলা ও আদালতের রায়ের বিস্তারিত তথ্য চাওয়া হয়।

পরে ১৮ অক্টোবর ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে তলব করে এ বিষয়ে জানতে চায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

নিহত শাহেদের পরিবারকে অনুদান

সৌদি আরবে হুতি হামলায় নিহত শাহেদ আহম্মদের পরিবারকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুদান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, পরিবারের প্রয়োজন অনুযায়ী সরকার আরও সহায়তা করবে।

শামা ওবায়েদ ইসলাম জানান, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে প্রাণ হারানো ১১ বাংলাদেশির মরদেহ এ পর্যন্ত দেশে পৌঁছেছে।

মধ্যপ্রাচ্যে আটকে পড়া বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ানোর উদ্যোগ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আটকে পড়া বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। শামা ওবায়েদ ইসলাম বলেন, যুদ্ধের কারণে অনেক বাংলাদেশি সেখানে আটকা পড়েছেন। তাঁদের অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এসব ভিসার মেয়াদ বাড়ানোর জন্য সরকার কাজ করছে।

এ ছাড়া পরিস্থিতির কারণে যাঁরা আর সংশ্লিষ্ট দেশগুলোতে যেতে পারছেন না, তাঁদের দেশে কীভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যায়, তা নিয়েও কাজ চলছে।

সৌদি আরবের কারাগারে থাকা প্রায় সাড়ে সাত হাজার বাংলাদেশির বিষয়েও সরকার কাজ করছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

Facebook Comments Box

Posted ৬:৫৩ এএম | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।