ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 2 বার পঠিত

কওমি ঘরানার সাতটি ইসলামী রাজনৈতিক দল ‘সমমনা ইসলামী দল’ নামে অভিন্ন ব্যানারে রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ ইসলামী দলগুলোকেও বৃহত্তর ঐক্যপ্রক্রিয়ায় যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর খিলগাঁওয়ে জামিয়া ইসলামিয়া মাখযানুল উলুম মাদরাসায় সাত দলের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্ত জানানো হয়। সকাল ১০টায় শুরু হওয়া বৈঠকটি দুপুর দেড়টায় শেষ হয়।
বৈঠকে রাজনৈতিক সমঝোতা, অভিন্ন ব্যানারে যৌথ কর্মসূচি এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা নির্ধারণসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
নেতারা জানান, নতুন কোনো রাজনৈতিক দল বা জোট গঠন করা হবে না। বরং ‘সমমনা ইসলামী দল’ নামটিকে অভিন্ন ব্যানার হিসেবে ব্যবহার করে যৌথ কর্মসূচি পরিচালনা করা হবে। তবে প্রতিটি দল নিজস্ব সাংগঠনিক কাঠামো, দলীয় আদর্শ ও স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় বজায় রাখবে।
পারস্পরিক ভ্রাতৃত্ব ও সমঝোতার ভিত্তিতে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করবে।
বৈঠকে বিএনপি কিংবা জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ বা রাজনৈতিক সমঝোতায় থাকা ইসলামী দলগুলোকে বৃহত্তর ঐক্যপ্রক্রিয়ায় সম্পৃক্ত করার বিষয়েও ঐকমত্য হয়। এ লক্ষ্যে সংশ্লিষ্ট দলগুলোর নেতাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা ও দ্বিপক্ষীয় বৈঠকের মাধ্যমে পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে।
‘সমমনা ইসলামী দল’ ব্যানারে ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেওয়া সাতটি দল হলো—ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
বৈঠকে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া।
এ ছাড়া খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন ও মাওলানা আহমদ আলী কাসেমি, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী এবং ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির ও মহাসচিব মুফতি শাখাওয়াত হোসেন রাজীসহ সাত দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে লিয়াজোঁ কমিটির পরবর্তী সভা আগামী ৫ ডিসেম্বর আয়োজনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
Posted ১০:৩৬ এএম | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।