ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বিশেষ করে চিকিৎসার জন্য ভারতে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের ভিসা প্রাপ্তি সহজ করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনের সম্মেলনকক্ষে ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইমক্যাব) প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন।
ইমক্যাবের সভাপতি শাহীন চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলে সংগঠনটির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহসহ নির্বাহী কমিটির সদস্যরা অংশ নেন।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা ভারতীয় ভিসা পেতে বাংলাদেশি নাগরিকদের নানা ভোগান্তির বিষয়টি তুলে ধরেন। জবাবে হাইকমিশনার বলেন, ভিসা প্রাপ্তিতে বিদ্যমান সমস্যাগুলো খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে চিকিৎসার প্রয়োজনে ভারতে যেতে ইচ্ছুক ব্যক্তিরা যাতে সহজে ভিসা পান, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, অনলাইনে ভিসার আবেদন জমা দেওয়ার পর সরাসরি আবেদন জমা দেওয়ার স্লট পেতে কেন বিলম্ব হচ্ছে, তা বোঝার চেষ্টা চলছে। শিগগিরই এ সমস্যার সমাধান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের মানুষের যাতায়াত যত বাড়বে, পারস্পরিক বন্ধুত্বও তত জোরদার হবে। এ সময় তিনি ইমক্যাবের সদস্যদের ব্যক্তিগত খোঁজখবর নেন।
প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন বাসুদেব ধর, কুদ্দুস আফ্রাদ, মীর আফরোজ জামান, আবু আলী, আমিনুল হক ভূঁইয়া, নির্মল চক্রবর্তী, জাকির হোসেন ও মনির হোসেন। এ সময় ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব গোকুল ভিকেও উপস্থিত ছিলেন।
Posted ১১:১৫ এএম | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।