নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 14 বার পঠিত

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় গোলাম রব্বানী (৩৩) ও মাসুদ রানা (৩৫) নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে জেলার সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলায় পৃথক দুর্ঘটনা দুটি ঘটে।
নিহত গোলাম রব্বানী সাদুল্লাপুর ডিগ্রি কলেজের হিসাবরক্ষক ছিলেন। তিনি গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের বিষ্ণপুর এলাকার জিন্নাহ মিয়ার ছেলে। অপর নিহত মাসুদ রানা ঠাকুরগাঁও সদর উপজেলার বাঁশঘেরা এলাকার ফয়জার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে সাদুল্লাপুর উপজেলার পশ্চিমপাড়া এলাকায় ফাতেমা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক গোলাম রব্বানী ঘটনাস্থলেই নিহত হন।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর বাসটি আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
অন্যদিকে, সকাল সাড়ে ৯টার দিকে পলাশবাড়ী উপজেলার সাঁকোয়া মাঝিপাড়া এলাকায় আলহামরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসচালক মাসুদ রানা নিহত হন। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। তাদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান বলেন, দুর্ঘটনার পর সড়কে কিছু সময় যানচলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Posted ১০:০৯ এএম | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।