ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

হুতিদের হামলায় বিপর্যস্ত সৌদি, এক মাসে নিহত ২৪

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   29 বার পঠিত

হুতিদের হামলায় বিপর্যস্ত সৌদি, এক মাসে নিহত ২৪

ইয়েমেনের ইরানসমর্থিত হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় চাপে পড়েছে সৌদি আরব। চলতি অক্টোবর মাসে এসব হামলায় অন্তত ২৪ জন নিহত ও ৩৭৪ জন আহত হয়েছেন। এরই মধ্যে রাজধানী রিয়াদ লক্ষ্য করে নিক্ষেপ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে সৌদি জোটের আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা।

শুক্রবার ভোরে সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, ভোর ৪টার কিছু পর রিয়াদমুখী ক্ষেপণাস্ত্রটি আকাশেই ধ্বংস করা হয়। এর আগে রাত আনুমানিক ১টার দিকে সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে হুতিদের পাঠানো দুটি ড্রোনও প্রতিহত করা হয়।

সৌদি জোটের পরিসংখ্যান অনুযায়ী, চলতি মাসে দেশটিকে লক্ষ্য করে অন্তত ১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৬০টির বেশি সশস্ত্র ড্রোন হামলা চালিয়েছে হুতিরা। এসব হামলার প্রধান লক্ষ্য ছিল রিয়াদ, খামিস মুশাইত, নাজরান ও পূর্বাঞ্চলীয় প্রদেশ। এর আগে গত ১৫ অক্টোবর মদিনা অঞ্চলের দিকে নিক্ষেপ করা একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও প্রতিহত করা হয়।

সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিমানবন্দর, জ্বালানি স্থাপনা ও অন্যান্য বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা বাড়িয়েছে হুতিরা। সৌদি প্রেস এজেন্সিতে (এসপিএ) প্রকাশিত জোট ও সরকারি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এসব হামলায় সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে।

গত ৭ থেকে ১১ অক্টোবরের মধ্যে বিমানবন্দরটিতে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ১৮ জন নিহত এবং ৩৩৩ জনের বেশি আহত হন। এর মধ্যে ১০ অক্টোবরের হামলাটি ছিল সবচেয়ে ভয়াবহ। ওই দিন বিমানবন্দরের টার্মিনাল ৩ ও ৪-এর মধ্যবর্তী এলাকায় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ১৩ জন নিহত ও ৩০৯ জন আহত হন।

এ ছাড়া আকাশে প্রতিহত করা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ধ্বংসাবশেষ বিভিন্ন স্থানে পড়ে হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

দেশটির অন্যান্য স্থাপনাতেও প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। আভা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুইজন নিহত ও ২৮ জন আহত হন। দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে দুইজন নিহত ও আটজন আহত হন। সৌদি আরামকোর শায়বাহ তেলকেন্দ্রে হামলায় দুইজন নিহত ও দুইজন আহত হন। এ ছাড়া জাজানের কিং আবদুল্লাহ বিমানবন্দর লক্ষ্য করে চালানো হামলায় আহত হন আরও তিনজন।

হুতিদের এসব হামলার নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, জর্ডান ও মিশর। পৃথক বিবৃতিতে দেশগুলো হামলাকে সৌদি আরবের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। একই সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা ও ভূখণ্ড রক্ষায় পূর্ণ সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেছে তারা।

সূত্র: আরব নিউজ

Facebook Comments Box

Posted ৬:২৮ এএম | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।