শনিবার ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

‘ধুরন্ধর ২’-এর সবচেয়ে নাড়া দেওয়া দৃশ্য, নিঃশব্দেই বলে সব কথা

বিনোদন ডেস্ক   |   বুধবার, ২৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   73 বার পঠিত

‘ধুরন্ধর ২’-এর সবচেয়ে নাড়া দেওয়া দৃশ্য, নিঃশব্দেই বলে সব কথা

অ্যাকশন, গুপ্তচরবৃত্তি ও প্রতিশোধের গল্পে ভরপুর ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। কিন্তু পুরো সিনেমার মাঝে এমন একটি দৃশ্য আছে, যেখানে না আছে উচ্চস্বরে সংলাপ, না আছে রক্তপাত—তবুও সেটিই সবচেয়ে বেশি দর্শকের মনে দাগ কাটছে।

সিনেমার শেষভাগে দেখা যায়, জাসি (রণবীর সিং) দীর্ঘ সময় পর বাড়ি ফিরছে। তার পরনে পাগড়ি, ব্লেজার। এ যেন সেই মানুষ, যাকে সে সবসময় হতে চেয়েছিল। নিজের শেকড়, নিজের পরিবারের কাছে ফিরে আসার মুহূর্ত যেন ঠিকঠাকই ছিল। কিন্তু তার এই ফেরা আসলে কোনো বিজয়ের গল্প নয়, বরং এক অদৃশ্য যন্ত্রণা বহন করে আনা এক মানুষের নীরব লড়াই।

ট্রেনের জানালার পাশে বসে জাসি যখন মাঠের দিকে তাকায়, তখন তার চোখে ভেসে ওঠে অতীত। পাশে শিশুদের হাসি, তবুও তার মুখে সেই হাসি স্থায়ী হয় না। কারণ সে জানে, কোথাও না কোথাও সে নিজের একটা অংশ রেখে এসেছে, যা আর কখনও ফিরে পাওয়া সম্ভব নয়।

গ্রামে পৌঁছে সবকিছু স্বাভাবিক। বাড়ি আছে, মা আছেন, বোন নিজের জীবনে ব্যস্ত। বাইরে থেকে সব ঠিকঠাক, কিন্তু ভেতরে ভেতরে জাসি আর আগের সেই মানুষটি নেই।

সবচেয়ে হৃদয়বিদারক মুহূর্ত আসে তখন, যখন সে ধীরে ধীরে পরিবারের দিকে এগিয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত থেমে যায়। এক পা এগোলেই সে ফিরে পেত ভালোবাসা, আশ্রয়, নিজের মানুষদের। তবুও সে এগোয় না। কারণ জাসি শুধু জাসি নেই, সে হামজা। তার জীবনে জমে থাকা অজস্র মিথ্যা, সহিংসতা আর অন্ধকার সেই পুরোনো জীবনে ফিরতে পারে না। সে জানে, তার উপস্থিতি হয়তো তার প্রিয়জনদের শান্ত জীবনকে ভেঙে দেবে। এই জায়গাটিই দৃশ্যটিকে অন্য মাত্রা দেয়।

আদিত্য ধর এখানে দেখিয়েছেন, দেশের জন্য নিজের পরিচয় বিসর্জন দেওয়ার মূল্য কতটা গভীর হতে পারে। এটি কোনো নাটকীয় ত্যাগ নয়, বরং এমন এক সিদ্ধান্ত, যা কেউ দেখে না, কেউ বোঝেও না।

রণবীর সিং এই দৃশ্যে অভিনয় করেছেন অত্যন্ত সংযত ও সাবলীলভাবে। কোনো অতিরঞ্জন নেই, নেই উচ্চকিত আবেগ। শুধু চোখের ভাষায় ফুটে উঠেছে দ্বন্দ্ব, ভালোবাসা আর শেষমেশ মেনে নেওয়ার কঠিন বাস্তবতা।

‘ধুরন্ধর ২’-এ হয়তো আরও বড়, আরও জোরালো দৃশ্য আছে। কিন্তু এই নিঃশব্দ মুহূর্তটাই থেকে যায়—দর্শকের ভেতরে, অনেকক্ষণ ধরে। সূত্র: ইন্ডিয়া টুডে

Facebook Comments Box

Posted ২:৩৭ পিএম | বুধবার, ২৫ মার্চ ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।