ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি, জানালেন কবে থেকে কাজ শুরু করবেন

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ০৪ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   8 বার পঠিত

শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি, জানালেন কবে থেকে কাজ শুরু করবেন

দীর্ঘ নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। মস্তিষ্কে টিউমার, অস্ত্রোপচার ও কেমোথেরাপির মতো কঠিন সময় পেরিয়ে এখন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন তিনি।

শনিবার দীর্ঘ বিরতির পর ফেসবুক লাইভে এসে ভক্তদের সঙ্গে কথা বলেন তানিয়া। শুরুতেই নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি বলেন, আগের তুলনায় এখন অনেকটাই ভালো আছেন। তবে অস্ত্রোপচারের কারণে তার ওজন বেড়েছে বলেও জানান এই অভিনেত্রী।

চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। ফেব্রুয়ারিতেই অস্ত্রোপচারের মাধ্যমে সেটি অপসারণ করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান তিনি। সেখানে আরও দুটি অস্ত্রোপচার করাতে হয় তাকে।

অসুস্থতার কারণে দীর্ঘ সময় ঠিকমতো কথা বলতেও পারেননি তানিয়া। এরপর বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। এখনও চলছে তার কেমোথেরাপি। ছয় মাসের চিকিৎসার মধ্যে তিন মাস ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী।

তবে চিকিৎসার পাশাপাশি অভিনয়ে ফেরার প্রস্তুতিও নিচ্ছেন তানিয়া। ফেসবুক লাইভে এক ভক্তের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি তো অবশ্যই অভিনয়ে ফিরতে চাই। আমার ইচ্ছা আছে এই মাস থেকেই শুরু করতে চাই। সেভাবেই কথাবার্তা চলছে।’

তানিয়ার এই বক্তব্যে তার ভক্তদের মধ্যে স্বস্তি ফিরেছে। অসুস্থতার পুরো সময় অভিনয় থেকে দূরে থাকলেও দর্শকদের ভালোবাসাই তাকে আবার কাজে ফেরার সাহস জোগাচ্ছে বলে জানান তিনি।

তানিয়া বলেন, ‘আমি হয়তো না-ও ফিরতে পারতাম, এমন শারীরিক অবস্থা ছিল। এখন আগের চেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি অভিনয় করব, কারণ দর্শক আমাকে চান। আমি নিজেও অভিনয় খুব মিস করি।’

চিকিৎসকের পরামর্শ মেনেই বর্তমানে দিন কাটাচ্ছেন এই অভিনেত্রী। বেশির ভাগ সময় পোষা বিড়ালগুলোর সঙ্গে কাটে তার। বাইরে কোথাও গেলেও তারা থাকে তার সঙ্গী হয়ে। দীর্ঘ চিকিৎসার সময়ে পোষা প্রাণিগুলো তাকে মানসিকভাবে ভালো থাকতে সহায়তা করেছে বলেও জানান তিনি।

দীর্ঘ নয় মাসের কঠিন সময়ে পাশে থাকা ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তানিয়া। তার জন্য নিয়মিত দোয়া করা এবং অভিনয়ে ফেরার অপেক্ষায় থাকা দর্শকদের ভালোবাসা তাকে ছুঁয়ে গেছে বলে জানান তিনি।

লাইভের শেষ দিকে ভক্তদের কাছে নিজের জন্য দোয়া চেয়ে তানিয়া বলেন, ‘আমার জন্য দোয়া করবেন। অনেকেই জানতে চাইতেন, আমি কেমন আছি। সেই জন্য লাইভে আসা। সবাই ভালো থাকবেন।’

Facebook Comments Box

Posted ৮:১১ এএম | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।