| মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩ | প্রিন্ট | 108 বার পঠিত

অভিনয়ে নিয়মিত মুগ্ধতা ছড়াচ্ছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। নতুনদেরও অনুপ্রেরণা জোগাচ্ছেন তিনি। এবার শোবিজ অঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘উইমেন অব ইন্সপিরেশন’ সম্মানে ভূষিত হলেন এ অভিনেত্রী। শনিবার (২৬ আগস্ট) ঢাকার একটি অভিজাত হোটেলে পঞ্চমবারের মতো আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তার হাতে সম্মাননা তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এ অনুষ্ঠানে নিজ নিজ কর্মক্ষেত্রে অসামান্য অবদান রাখায় জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) কর্তৃক ১২ জন নারীকে ওই সম্মাননা প্রদান করা হয়। এ সময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে ও বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের সমন্বয় বিভাগের উপপ্রধান করিন হেনচোজ পিগনানি। সূত্র: ঢাকা ট্রিবিউন
আয়োজক প্রতিষ্ঠান জেসিআই কর্তৃক জানানো হয়, পুরস্কারপ্রাপ্ত নারীরা তাদের নেতৃত্বগুণ, লক্ষ্যের প্রতি অসামান্য উৎসর্গ এবং অগণিত মানুষকে তাদের কাজের মাধ্যমে অনুপ্রাণিত করেছেন।
সম্মাননা লাভের পর প্রতিক্রিয়ায় তানজিন তিশা বলেন, ‘উইমেন অব ইন্সপিরেশন’-এই সম্মাননাটা সত্যিকার অর্থেই নারীদেরকে নিজ নিজ কর্মক্ষেত্রে আরও ভালো কিছু করতে উৎসাহিত করবে। অন্যান্য অনেক সম্মাননার চেয়ে এটা অনেক আলাদা ও সম্মানের।’
তিশা ছাড়াও এ বছর পুরস্কারপ্রাপ্তরা হলেন; শিক্ষা ক্ষেত্রে মুনজেরিন শহীদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে সারাবন তহুরা তুরিন, বাণিজ্য ক্ষেত্রে ফাদিয়া খান, করপোরেট ক্ষেত্রে ফারহা নাজ জামান, খেলাধুলায় রূপনা চাকমা, স্টার্টআপ ক্ষেত্রে সাদিয়া হক, শিল্প ও সাহিত্য ক্ষেত্রে রোকেয়া সুলতানা, ব্যাংকিং ক্ষেত্রে নুরুন নাহার বেগম, চিকিৎসা উদ্ভাবনে ডা. সায়েবা আর্থতার, উঠতি নারী নেতৃত্বে শবনম ওয়াজেদ এবং দিলারা জামান (আজীবন সম্মাননা)।
Posted ৫:০৭ এএম | মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।