রবিবার ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

৫০ হলে শাকিবের প্রিন্স নিয়ে গড়বড়, শো বন্ধ, ভাঙচুর করল দর্শকরা

বিনোদন ডেস্ক   |   শনিবার, ২১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   62 বার পঠিত

৫০ হলে শাকিবের প্রিন্স নিয়ে গড়বড়, শো বন্ধ, ভাঙচুর করল দর্শকরা

ঈদুল ফিতর উপলক্ষে ২১ মার্চ দেশের প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা— প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা, দম, বনলতা এক্সপ্রেস, রাক্ষস এবং প্রেশার কুকার। তবে মুক্তির দিনেই বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ে প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা।

দেশজুড়ে সর্বোচ্চ ১৩৩টি হলে প্রদর্শনের পরিকল্পনা থাকলেও সার্ভার জটিলতায় দুপুর পর্যন্ত অর্ধেকেরও বেশি প্রেক্ষাগৃহে সিনেমাটির কোনো শো চালানো সম্ভব হয়নি। এতে শাকিব খান-এর সিনেমা দেখতে এসে হতাশ হয়ে পড়েন দর্শকরা। কোথাও কোথাও ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে হল ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

আবু হায়াত মাহমুদ পরিচালিত এ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন তাসনিয়া ফারিণ ও কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু। তবে সিনেমা হল মালিকদের অভ্যন্তরীণ হোয়াটসঅ্যাপ বার্তা ও ভয়েস রেকর্ড থেকে জানা গেছে, সার্ভার সমস্যার কারণেই নির্ধারিত সময়ে প্রদর্শন শুরু করা যায়নি। ফলে অনেক হল কর্তৃপক্ষ বাধ্য হয়ে সকালের শোর টিকিটের টাকা ফেরত দিয়েছেন।

হল মালিকদের অভিযোগ, দীর্ঘদিনের পুরোনো সার্ভার পরিবর্তন করে নতুন সিস্টেমে যাওয়ার পর থেকেই এই জটিলতা তৈরি হয়েছে। কোথাও সিনেমার ফাইল পৌঁছায়নি, কোথাও আবার পাসওয়ার্ড না পাওয়ায় প্রদর্শন সম্ভব হয়নি। এমনকি কিছু হলে ছবি চালু হলেও শব্দ সমস্যার কারণে শো মাঝপথে বন্ধ রাখতে হয়েছে।

টেকেরহাটের সোনালী সিনেমা হলের মালিক রাহুল খান জানান, কয়েক লাখ টাকা ব্যয়ে সিনেমাটি নেওয়ার পরও সার্ভারে ফাইল না আসায় তিনি দুপুরের শোর প্রায় ১৫ হাজার টাকার টিকিট ফেরত দিতে বাধ্য হয়েছেন। এর আগে সকালের শো বন্ধ থাকায় ক্ষুব্ধ দর্শকরা হলের আসবাবপত্র ভাঙচুর করেন।

এদিকে দেশের শীর্ষ মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স-ও সময়মতো ‘প্রিন্স’-এর ডিসিপি ফাইল পায়নি। প্রতিষ্ঠানটির মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ঈদের পাঁচটি সিনেমাই প্রদর্শনের পরিকল্পনা ছিল তাদের। কিন্তু দুপুর পর্যন্ত ‘প্রিন্স’-এর কোনো ফাইল না পাওয়ায় তারা শো চালাতে পারেননি, যা আর্থিকভাবে বড় ক্ষতির কারণ হয়েছে।

সিনেমাটির আংশিক সার্ভার ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। এ পরিস্থিতির জন্য পরিবেশককে দায়ী করছেন অনেক হল মালিক। তারা শিগগিরই একটি কমিটি গঠন করে ক্ষতিপূরণ দাবি করার কথাও জানিয়েছেন।

যদিও এ বিষয়ে অনন্য মামুন বা প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ডস-এর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল জানিয়েছেন, সমস্যার দ্রুত সমাধানে তারা কাজ করছেন।

Facebook Comments Box

Posted ৮:৪৯ এএম | শনিবার, ২১ মার্চ ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।