ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

হরমুজে মার্কিন সংশ্লিষ্ট জাহাজে ইরানের হামলা, আহত কয়েক মার্কিন সেনা

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   6 বার পঠিত

হরমুজে মার্কিন সংশ্লিষ্ট জাহাজে ইরানের হামলা, আহত কয়েক মার্কিন সেনা

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনাসদস্য বহনকারী একটি চুক্তিবদ্ধ বাণিজ্যিক জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। এতে জাহাজটিতে আগুন ধরে যায় এবং কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ পেন্টাগনের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গত বুধবার হরমুজ প্রণালি অতিক্রমের সময় জাহাজটিতে চারটি ইরানি ড্রোন ও অন্তত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, আহত সেনাদের অবস্থা গুরুতর নয়। হামলার পর সৃষ্ট বিষাক্ত ধোঁয়া শ্বাসের সঙ্গে গ্রহণ করায় কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তারা মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের একটি দেশে চিকিৎসাধীন রয়েছেন।

পেন্টাগন জানিয়েছে, আক্রান্ত জাহাজটি মার্কিন সামরিক বাহিনী বা সরকারের নিজস্ব কোনো যুদ্ধজাহাজ নয়। এটি মার্কিন সশস্ত্র বাহিনীর সঙ্গে বিশেষ চুক্তিতে পরিচালিত একটি বাণিজ্যিক জাহাজ।

নিরাপত্তাজনিত কারণে জাহাজটিতে কতজন মার্কিন সেনা ছিলেন, কতজন সেনা ও ক্রু আহত হয়েছেন কিংবা জাহাজটির রুট ও গন্তব্য সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

হামলার বিষয়ে মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। তবে সেন্টকমের কোনো মুখপাত্র এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

এ ছাড়া ওয়াশিংটন বা তেহরানের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এখন পর্যন্ত হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্তকারী প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। বিশ্বে সরবরাহ করা মোট জ্বালানি পণ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবহন করা হয়।

ইরানের উপকূলসংলগ্ন এই প্রণালি দীর্ঘদিন ধরেই আঞ্চলিক সামরিক উত্তেজনা ও ভূরাজনৈতিক বিরোধের গুরুত্বপূর্ণ কেন্দ্র। সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে এখানকার বাণিজ্যিক নৌযান চলাচলও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।

হরমুজে নতুন করে এই হামলার ঘটনায় আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Facebook Comments Box

Posted ৬:১৮ এএম | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।