ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

রোবটই বানাচ্ছে রোবট, চীনে নতুন হিউম্যানয়েড কারখানা

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   8 বার পঠিত

রোবটই বানাচ্ছে রোবট, চীনে নতুন হিউম্যানয়েড কারখানা

রোবট এখন শুধু মানুষের হয়ে কাজ করছে না, অন্য রোবট তৈরির কাজেও যুক্ত হচ্ছে। চীনের লিউঝৌ শহরে চালু হয়েছে এমন একটি হিউম্যানয়েড রোবট কারখানা, যেখানে রোবট ও স্বয়ংক্রিয় যন্ত্রপাতির সহায়তায় তৈরি হচ্ছে নতুন রোবট। কারখানাটিতে প্রতি ১০ মিনিটে একটি হিউম্যানয়েড রোবট উৎপাদনের সক্ষমতা রয়েছে।

চীনের রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউবিটেক রোবোটিকস গুয়াংশি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের লিউঝৌ শহরে কারখানাটি চালু করেছে। ১৪ হাজার বর্গমিটার আয়তনের এ কারখানার বার্ষিক উৎপাদন সক্ষমতা ১০ হাজার রোবট। এখানে মূলত ইউবিটেকের ‘ওয়াকার এস’ ও ‘ক্রুজর’ সিরিজের শিল্পক্ষেত্রে ব্যবহারের উপযোগী হিউম্যানয়েড রোবট তৈরি হচ্ছে।

রোবট তৈরিতেও রোবট

কারখানাটির উৎপাদনব্যবস্থা পরিচালিত হচ্ছে ‘স্মার্ট ব্রেইন’ নামে একটি ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে। ইউবিটেক ও সিমেন্স ডিজিটাল ইন্ডাস্ট্রিজ সফটওয়্যারের যৌথ উদ্যোগে তৈরি এ ব্যবস্থার মাধ্যমে উৎপাদনের বিভিন্ন ধাপ সমন্বয়, যন্ত্রাংশ সরানো এবং রোবটের মান যাচাই করা হয়।

প্রতিটি রোবটকে আলাদা সিরিয়াল নম্বর দেওয়া হয়। ফলে উৎপাদনের শুরু থেকে শেষ পর্যন্ত তার গতিবিধি ও উৎপাদন-সংক্রান্ত তথ্য অনুসরণ করা সম্ভব।

কারখানায় শুধু রোবট তৈরি নয়, উৎপাদনকাজেও হিউম্যানয়েড রোবট ব্যবহার করা হচ্ছে। ইউবিটেকের ‘ক্রুজর ওয়াই১’ ও ‘ক্রুজর এস২’ মডেলের রোবট উপকরণ খালাস, স্তূপ করে রাখা, উৎপাদন লাইনে সরবরাহ এবং বিভিন্ন স্থানে স্থানান্তরের কাজ করছে।

এ ছাড়া চূড়ান্ত সংযোজনে ব্যবহার করা হচ্ছে রোবোটিক বাহু, চালকবিহীন লজিস্টিক যান, শক্তি-সহায়ক ম্যানিপুলেটর ও ঘূর্ণনশীল ওয়ার্কটেবল। ফলে একই উৎপাদন লাইনে একাধিক মডেলের রোবট তৈরি করা সম্ভব হচ্ছে।

বাজারে যাওয়ার আগে চার ঘণ্টার পরীক্ষা

তৈরি হওয়ার পর প্রতিটি হিউম্যানয়েড রোবটকে চার ঘণ্টারও বেশি সময় ধরে পরীক্ষা করা হয়। এতে রোবটের যান্ত্রিক ও কার্যকরী সক্ষমতার পাশাপাশি বাহ্যিক অবস্থাও যাচাই করা হয়। এ জন্য ৩৬০ ডিগ্রি ভিজ্যুয়াল পরিদর্শন করা হয় প্রতিটি রোবটের।

রোবট সংরক্ষণেও রয়েছে স্বয়ংক্রিয় ব্যবস্থা। ইউবিটেকের দাবি, মাত্র ৬৫ বর্গমিটার জায়গার গুদামে ১১২টি হিউম্যানয়েড রোবট রাখা যায়। এজিভি, চালকবিহীন ফর্কলিফটসহ বিভিন্ন লজিস্টিক যন্ত্র রোবট ও যন্ত্রাংশ স্থানান্তরের কাজ করে।

দ্রুত বাড়ছে চীনের রোবট উৎপাদন

চীনে শিল্পক্ষেত্রে রোবটের ব্যবহার ও উৎপাদন দ্রুত বাড়ছে। জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুযায়ী, চলতি বছরের জুলাইয়ে দেশটিতে ৯৮ হাজার ৬৭৭টি শিল্প রোবট উৎপাদিত হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩০ দশমিক ২ শতাংশ বেশি।

প্রথম সাত মাসে শিল্প রোবট উৎপাদিত হয়েছে ৬ লাখ ৩৫ হাজার ৫৬টি—আগের বছরের একই সময়ের তুলনায় ২৮ দশমিক ৫ শতাংশ বেশি।

লিউঝৌয়ের নতুন কারখানায় রোবট, স্বয়ংক্রিয় যান, রোবোটিক বাহু ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডিজিটাল ব্যবস্থার সমন্বয়ে তৈরি হচ্ছে হিউম্যানয়েড রোবট। ফলে রোবটের হাতে রোবট তৈরির ধারণা এখন বাস্তব শিল্প উৎপাদনের অংশ হয়ে উঠছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

Facebook Comments Box

Posted ৬:৩৫ এএম | শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।