ডেস্ক রিপোর্ট | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 152 বার পঠিত

হলিউড অভিনেত্রী জেন্ডায়ার ৩০তম জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হলো নতুন রহস্য। মেয়ে নাকি এখন সোশ্যাল মিডিয়া থেকে দূরে—জন্মদিনে এমনটাই জানিয়েছিলেন তার মা ক্লেয়ার স্টোয়ারমার। কিন্তু মায়ের সেই মন্তব্যের কিছুক্ষণ পরই ইনস্টাগ্রামে হাজির জেন্ডায়া নিজেই!
গত ১ সেপ্টেম্বর ৩০ বছরে পা দেন ‘ডুন’ ও ‘ইউফোরিয়া’খ্যাত এই অভিনেত্রী। বিশেষ দিনে মেয়ের ছোটবেলার একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানান ক্লেয়ার।
সেই পোস্টেই তিনি জানান, জেন্ডায়া এখন আর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছেন না। এমনকি তার পোস্ট মেয়ের চোখে পড়বে কি না, সেটি নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।
তবে মায়ের মন্তব্যের পর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। কিছুক্ষণ পরই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শৈশবের একটি ছবি পোস্ট করেন জেন্ডায়া।
জন্মদিনে ভক্তদের পাঠানো ভালোবাসা ও শুভেচ্ছার জন্য তাদের ধন্যবাদও জানান তিনি। ফলে জেন্ডায়া সত্যিই সামাজিক যোগাযোগমাধ্যম ছেড়ে দিয়েছেন কি না, তা নিয়ে তৈরি হয় নতুন কৌতূহল।
মেয়ের সঙ্গে অবশ্য যোগাযোগ রয়েছে বলে জানান ক্লেয়ার। জন্মদিনের পোস্ট দেওয়ার কিছুক্ষণ আগেই ফেসটাইমে জেন্ডায়ার সঙ্গে কথা বলেছেন বলেও জানান তিনি।
এর আগে গত ৮ জুলাই ইনস্টাগ্রামে সর্বশেষ পোস্ট করেছিলেন জেন্ডায়া। ‘ডুন: পার্ট থ্রি’-এর ট্রেলার প্রকাশের পর সেটি নিজের অ্যাকাউন্টে শেয়ার করেন তিনি। এরপর দীর্ঘ বিরতির পর জন্মদিন উপলক্ষে ফের সামাজিক মাধ্যমে দেখা গেল তাকে।
সামাজিক যোগাযোগমাধ্যম ও জনজীবন থেকে কিছুটা দূরে থাকার ইচ্ছা অবশ্য আগেও প্রকাশ করেছিলেন জেন্ডায়া। চলতি বছরের শুরুতে ফানডাঙ্গোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, টানা কাজ ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পর কিছুদিন জনজীবনের ব্যস্ততা থেকে বিরতি নিতে চান।
তখন মজা করে অভিনেত্রী বলেছিলেন, কিছুদিন তাকে হয়তো কমই দেখা যাবে। তবে কাজ থেকে দীর্ঘ বিরতিতে থাকাও তার জন্য সহজ নয়।
কয়েক মাস পর ‘এল’ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে জেন্ডায়া জানান, দীর্ঘ সময় কাজ ছাড়া থাকলে তিনি অস্থির হয়ে পড়েন। এমনকি বিরতি শেষ হওয়ার আগেই নতুন কাজ খুঁজতে শুরু করেন বলেও জানান তিনি।
তাই মায়ের মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জেন্ডায়ার পুরোপুরি সরে যাওয়ার ইঙ্গিত মিললেও জন্মদিনের পোস্টে দেখা গেল ভিন্ন চিত্র। নিয়মিত না হলেও বিশেষ মুহূর্তে ভক্তদের সঙ্গে যোগাযোগের দরজা যে এখনো খোলা রাখছেন, ৩০তম জন্মদিনে তার ইনস্টাগ্রাম পোস্ট যেন সেই বার্তাই দিল।
Posted ৭:১৬ এএম | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।