ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বিটকয়েন নিয়ে আইএমএফ সন্তুষ্ট, এল সালভাদর পাচ্ছে ১৪ কোটি ডলার

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   15 বার পঠিত

বিটকয়েন নিয়ে আইএমএফ সন্তুষ্ট, এল সালভাদর পাচ্ছে ১৪ কোটি ডলার

বিটকয়েন নিয়ে এল সালভাদরের সাম্প্রতিক পদক্ষেপে সন্তুষ্ট হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এর ফলে দেশটির জন্য প্রায় ১৪ কোটি ডলার নতুন অর্থায়নের প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আইএমএফ জানায়, এল সালভাদর সরকার নিশ্চিত করেছে—সম্প্রতি দেশটির কেনা বিটকয়েনের অর্থ সরকারি তহবিল থেকে ব্যয় করা হয়নি; বরং তা এসেছে ব্যক্তিগত অনুদান থেকে। এরপরই নতুন অর্থ ছাড়ের বিষয়ে প্রাথমিক সমঝোতা হয়।

এই অর্থায়নের আওতায় ৪০ মাস মেয়াদি ঋণ কর্মসূচির দ্বিতীয় ও তৃতীয় পর্যালোচনা একসঙ্গে সম্পন্ন করা হবে। তবে অর্থ ছাড়ের আগে আইএমএফের নির্বাহী বোর্ডের অনুমোদন এবং নির্ধারিত কিছু পূর্বশর্ত পূরণ করতে হবে।

প্রেসিডেন্ট নাইব বুকেলের নেতৃত্বে এল সালভাদর ১৪০ কোটি ডলারের আইএমএফ ঋণ কর্মসূচিতে যুক্ত হওয়ার পর থেকেই বিটকয়েন ইস্যুটি আলোচনার কেন্দ্রে ছিল। কর্মসূচির অংশ হিসেবে দেশটিকে বিটকয়েন নিয়ে পরীক্ষামূলক কার্যক্রম সীমিত করার শর্ত দেওয়া হয়েছিল।

আইএমএফ বলেছে, সরকারি নথিতে উল্লেখ থাকা অনুদানের বাইরে এল সালভাদরের আর কোনো অতিরিক্ত বিটকয়েন কেনার পরিকল্পনা নেই।

তবে শুধু বিটকয়েন নয়, দেশটির সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও ইতিবাচক মূল্যায়ন দিয়েছে আইএমএফ। সংস্থাটির মতে, কয়েক বছর ধীরগতির অর্থনীতির পর এল সালভাদরের অর্থনীতি এখন শক্তিশালীভাবে এগোচ্ছে।

আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪ দশমিক ৫ শতাংশ হতে পারে। বিনিয়োগ, ভোক্তা ব্যয়, প্রবাসী আয়, পর্যটন এবং দেশে পুঁজি প্রবাহ এই প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংস্থাটি।

উন্নত নিরাপত্তাব্যবস্থা ও বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির জন্যও এল সালভাদর সরকারের প্রশংসা করেছে আইএমএফ। সংস্থাটির দাবি, চলমান অর্থনৈতিক কর্মসূচির ফলে দেশটিতে দারিদ্র্যের হারও উল্লেখযোগ্যভাবে কমছে।

তবে আইএমএফের ব্যয়সংকোচনমূলক নীতির প্রভাব পড়েছে সরকারি চাকরিতে। প্রায় ৬০ লাখ জনসংখ্যার দেশটিতে ২০২৪ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ১৫ হাজার সরকারি কর্মী চাকরি হারিয়েছেন বলে অর্থনীতিবিদদের ধারণা। অন্যদিকে শ্রমিক ইউনিয়নগুলোর দাবি, ২০১৯ সালে নাইব বুকেলে ক্ষমতায় আসার পর থেকে সরকারি চাকরি হারিয়েছেন প্রায় ৪৭ হাজার মানুষ।

মধ্য আমেরিকার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধির দিক থেকে দীর্ঘদিন ধরে পিছিয়ে থাকা এল সালভাদরের জন্য আইএমএফের নতুন অর্থায়ন তাই অর্থনৈতিক সংস্কার কর্মসূচিতে গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: এএফপি

Facebook Comments Box

Posted ৭:৪৬ এএম | শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।