ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 4 বার পঠিত

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের দ্বিতীয় আসরকে সামনে রেখে বাংলা চলচ্চিত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকেরা। শর্টফিল্ম থেকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র—চারটি বিভাগে নির্বাচিত কাজ প্রদর্শনের পাশাপাশি বিজয়ীদের দেওয়া হবে পুরস্কার।
বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার লক্ষ্য নিয়ে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল। আগামী বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবে এ আয়োজন।
উৎসবে শর্টফিল্ম, ডকুমেন্টারি ফিল্ম, ওয়েব ফিল্ম ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র—এই চার বিভাগে নির্মিত বাংলা চলচ্চিত্র প্রদর্শিত হবে। বিভিন্ন বিভাগে সেরা কাজের জন্য থাকছে পুরস্কার।
ফেস্টিভ্যাল-২০২৬-এর আহ্বায়ক ও প্রযোজক অলিভ আহমেদ বলেন, আমেরিকায় বাংলা চলচ্চিত্রের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলার চেষ্টা করছেন তারা।
তিনি বলেন, প্রথম নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে দর্শক ও চলচ্চিত্রসংশ্লিষ্টদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার আরও বড় পরিসরে এগিয়ে যেতে চান আয়োজকেরা।
অলিভ আহমেদ জানান, উৎসবের জন্য থাকছে অভিজ্ঞ জুরি বোর্ড। ফেস্টিভ্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন পিকলু চৌধুরী এবং প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে রয়েছেন তানভীর খায়ের।
উৎসবের সদস্য সচিব লিটু আনাম বলেন, বাংলা চলচ্চিত্রের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। এ ইতিহাসকে যারা নিজেদের কাজের মাধ্যমে সমৃদ্ধ করেছেন, তাদের অবদান ও সৃষ্টিশীলতাকে মূল্যায়ন করাই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
তিনি বাংলাদেশের নির্মাতা ও প্রযোজকদের প্রতি ২০২৬ সালে নির্মিত নিজেদের সেরা চলচ্চিত্র নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে জমা দেওয়ার আহ্বান জানান।
আয়োজকেরা জানিয়েছেন, চলচ্চিত্রের দৈর্ঘ্যের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। সব দৈর্ঘ্যের চলচ্চিত্রই জমা দেওয়া যাবে। MOV অথবা MP4 ফরম্যাটে তৈরি চলচ্চিত্রের ড্রাইভ লিংক পাঠানো যাবে submit@nybanglaff.org ই-মেইল ঠিকানায়। এছাড়া FilmFreeway প্ল্যাটফর্মের মাধ্যমেও চলচ্চিত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে।
অলিভ আহমেদ জানান, আগামী বছরের শুরুতে নিউইয়র্কে অনুষ্ঠিত হবে উৎসবটি। শিগগিরই ওয়েবসাইট ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উৎসবের নির্দিষ্ট তারিখ ও ভেন্যু জানানো হবে।
উল্লেখ্য, ২০২৫ সালে প্রথমবারের মতো আয়োজন করা হয় নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল। এবারের দ্বিতীয় আসরের আয়োজন করছে রক পেপার সিজার এন্টারটেইনমেন্ট। যৌথ সহযোগিতায় রয়েছে প্রিয়জন ফিল্মস ও লেমন স্টুডিও। সার্বিক সহযোগিতায় থাকছে আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন (এবিপিএ)।
Posted ৫:৩১ এএম | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।