সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে ঈদের তিন সিনেমা

বিনোদন ডেস্ক   |   রবিবার, ০৭ জুন ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে ঈদের তিন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে ঈদের উৎসবমুখর আবহের মধ্যেই শুরু হয়েছে বাংলা সিনেমার আন্তর্জাতিক যাত্রা। সাম্প্রতিক বছরগুলোতে দেশের চলচ্চিত্র শিল্পে বিদেশি বাজারের গুরুত্ব উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসবাসরত বাংলাদেশি দর্শকের মধ্যে দেশীয় সিনেমা নিয়ে আগ্রহ ক্রমেই বাড়ছে। ফলে দেশের সিনেমা মুক্তির পরপরই প্রবাসী দর্শকের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিচ্ছেন নির্মাতা ও পরিবেশকরা।

সেই ধারাবাহিকতায় এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত তিন সিনেমা ‘রকস্টার’, ‘রইদ’ ও ‘মালিক’ এবার বিদেশের প্রেক্ষাগৃহেও দেখানো হচ্ছে। দেশের বক্স অফিসে আলোচনার কেন্দ্রে থাকা ‘রকস্টার’ গত শুক্রবার থেকে উত্তর আমেরিকা ও ইউরোপের ৪১টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে রয়েছে স্বপ্ন স্কয়ারক্রো।

প্রতিষ্ঠানটির কর্ণধার সজীব সপ্তক জানিয়েছেন, প্রথম সপ্তাহেই কানাডার সাতটি, যুক্তরাষ্ট্রের ৩০টি এবং যুক্তরাজ্যের সাতটি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে। দর্শকের আগ্রহ ও সাড়া বিবেচনা করে পরবর্তী সপ্তাহগুলোতে আরও কিছু শহরে প্রদর্শনীর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

আজমান রুশো পরিচালিত রকস্টার সিনেমার গল্প আবর্তিত হয়েছে এক সংগীতশিল্পীর জীবন, সাফল্য, সংগ্রাম এবং ব্যক্তিগত টানাপোড়েনকে ঘিরে। সিনেমাটিতে আগুন নামে রকস্টার চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তাঁর বিপরীতে রয়েছেন সাবিলা নূর। বড় পর্দায় এটি শাকিব খান ও সাবিলা নূরের দ্বিতীয় জুটি। এর আগে ‘তাণ্ডব’ সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েকসহ আরও অনেকে। মুক্তির পর সিনেমাটির গান, নির্মাণশৈলী ও শাকিব খানের ভিন্নধর্মী লুক দর্শকের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

অন্যদিকে, একই দিনে অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে মুক্তি পেয়েছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’। ধাপে ধাপে ছবিটি ব্রিসবেন, পার্থ, অ্যাডিলেড ও ক্যানবেরার দর্শকরাও দেখতে পারবেন। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে সিনেমাটির পরিবেশনা করছে স্ক্রিন এক্সকোপ এবং দেশি ইভেন্টস। গ্রামীণ জীবন ও লোকজ বাস্তবতার আবহে নির্মিত ‘রইদ’-এর গল্পে দেখা যায় সাধু নামে এক যুবককে, যে তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে নিয়ে প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে। স্ত্রীর আচরণে অতিষ্ঠ হয়ে এক সময় সে তাকে দূরে কোথাও রেখে আসার চেষ্টা করে। কিন্তু প্রতিবারই এক রহস্যময় ঘটনার সূত্র ধরে স্ত্রী আবার বাড়ির পথ খুঁজে ফিরে আসে। এই গল্পের মধ্য দিয়ে মানবিক সম্পর্ক, অপরাধবোধ, দায়িত্ববোধ এবং ভালোবাসার এক ভিন্ন মাত্রা তুলে ধরেছেন নির্মাতা। সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। এরই মধ্যে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ছবিটি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

এদিকে ঈদের তৃতীয় আলোচিত সিনেমা ‘মালিক’ ১৩ ও ১৪ জুন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ব্যাংকসটাউনে প্রদর্শিত হবে। সাইফ চন্দন পরিচালিত সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশনায় রয়েছে বঙ্গজ ফিল্মস। আয়োজকরা জানিয়েছেন, প্রদর্শনী উপলক্ষে ইতোমধ্যে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে এবং দর্শকের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। বিশেষ প্রদর্শনীতে অংশ নিতে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন ছবির নায়ক আরিফিন শুভ। অপরাধজগতের ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত ‘মালিক’-এ আরিফিন শুভকে দেখা গিয়েছে এক ভিন্নধর্মী চরিত্রে। শুভর বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। নির্মাতাদের প্রত্যাশা, দেশীয় দর্শকের মতো প্রবাসীরাও ছবিটি সাদরে গ্রহণ করবেন।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, দেশের বাইরে নিয়মিত সিনেমা মুক্তি পাওয়ার ফলে শুধু আয়ই বাড়ছে না, একই সঙ্গে বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী দর্শকের সঙ্গে দেশের চলচ্চিত্রের সম্পর্কও আরও দৃঢ় হচ্ছে। বিশেষ করে ঈদকে ঘিরে মুক্তিপ্রাপ্ত বড় বাজেটের সিনেমাগুলোর আন্তর্জাতিক প্রদর্শনী এখন প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।

দেশের বক্স অফিসে সাড়া জাগানোর পর এবার প্রবাসী দর্শকের মন জয় করার মিশনে নেমেছে ‘রকস্টার’, ‘রইদ’ ও ‘মালিক’। আন্তর্জাতিক অঙ্গনে এই তিন সিনেমার যাত্রা কতটা সফল হয়, সেদিকেই এখন নজর চলচ্চিত্র সংশ্লিষ্টদের।

Facebook Comments Box
বিষয় :

Posted ৮:৪৭ পিএম | রবিবার, ০৭ জুন ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।