ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 1 বার পঠিত

জাপানে শক্তিশালী টাইফুন দুজুয়ানের প্রভাবে ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে অন্তত দুজন নিহত হয়েছেন। বৃহত্তর টোকিও এলাকায় এখনো চারজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এনএইচকে।
টাইফুনের কারণে অন্তত ১৬ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি ব্যাপক ভ্রমণ বিপর্যয়ের সৃষ্টি হয়েছে।
সোমবার ঘণ্টায় সর্বোচ্চ ১৪৪ কিলোমিটার (৮৯ মাইল) বেগে বাতাস নিয়ে টোকিওর কাছাকাছি কাৎসুউরার ১৩০ কিলোমিটার দক্ষিণে স্থলভাগে আঘাত হানে দুজুয়ান। ঝড়ের তাণ্ডবে হাজার হাজার বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।
টাইফুনের প্রভাবে টোকিওর পার্শ্ববর্তী চিবা ও কানাগাওয়া প্রিফেকচারে ভারী বৃষ্টির পাশাপাশি ভূমিধস ও বন্যা দেখা দেয়। চিবায় এক ব্যক্তি এক্সকাভেটরসহ ভূমিধসে চাপা পড়েন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
কানাগাওয়ায় ভূমিধসে একটি বাড়ি কাদার স্রোতে চাপা পড়ে। এতে এক নারী নিহত হন। দুই প্রিফেকচারেই বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ইবারাকি প্রিফেকচারেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
বন্যার পানিতে বিভিন্ন সড়ক ডুবে যায়। বিঘ্নিত হয় স্থানীয় রেল ও বিমান চলাচল। সোমবার জাপান এয়ারলাইন্স ১৩৫টি এবং নিপ্পন এয়ারওয়েজ ১৪০টি ফ্লাইট বাতিল করে। এতে বহু যাত্রী বিমানবন্দরে আটকা পড়েন।
কিছু রেল পরিষেবাও স্থগিত করা হয়। জাপান রেলওয়ে জানিয়েছে, টোকিও ও ওসাকার মধ্যে চলাচলকারী বুলেট ট্রেন পরিষেবাও বন্ধ ছিল।
জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, মঙ্গলবার ভোররাতে টাইফুনটি উপকূল থেকে সরে উত্তর-পূর্ব দিকে সাগরের দিকে এগিয়ে যাচ্ছিল। এ সময় ঝড়টির শক্তি কিছুটা কমে আসে।
জেএমএর আবহাওয়াবিদ তাকুয়া হোসোমি জানিয়েছেন, সতর্কতা জারি থাকা এলাকাগুলোতে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে বন্যা ও ভূমিধসের ঝুঁকি রয়েছে।
জেএমএ জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের নতুন রেকর্ড হতে পারে। মঙ্গলবার পর্যন্ত মোট বৃষ্টিপাতের পরিমাণ সেপ্টেম্বর মাসের গড় বৃষ্টিপাতকেও ছাড়িয়ে যেতে পারে।
চলতি বছর জাপানে আঘাত হানা এটি ২৫তম টাইফুন। গ্রীষ্মের শেষভাগ ও শরতের শুরুর দিকে দেশটিতে প্রায়ই শক্তিশালী টাইফুন আঘাত হানে।
সূত্র: রয়টার্স
Posted ৭:০৬ এএম | মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।