ডেস্ক রিপোর্ট | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 134 বার পঠিত

জার্মানির রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলছে। পূর্বাঞ্চলীয় রাজ্য স্যাক্সনি-আনহাল্টের আসন্ন সংসদীয় নির্বাচন ঘিরে বাড়ছে উত্তেজনা। সাম্প্রতিক জনমত জরিপে এগিয়ে থাকা কট্টর ডানপন্থী দল ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি) এবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের স্বপ্ন দেখছে।
এএফডি নির্বাচনে এককভাবে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হবে। প্রথমবারের মতো কোনো কট্টর ডানপন্থী দল এককভাবে দেশটির একটি রাজ্য সরকারের ক্ষমতায় বসার সুযোগ পাবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৩৫ বছর বয়সী এএফডির শীর্ষ প্রার্থী উলরিখ সিগমুন্ডের নেতৃত্বে দলটি রাজ্যের নীতিতে বড় ধরনের পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছে।
দলটির নির্বাচনী ইশতেহারে স্কুলে এলজিবিটি পতাকা নিষিদ্ধ করা, নাৎসি অপরাধের পাশাপাশি জার্মান ইতিহাসের ‘ইতিবাচক’ দিকগুলোকে গুরুত্ব দেওয়া এবং অনিয়মিত অভিবাসীদের দ্রুত আটক ও নির্বাসনের প্রস্তাব রয়েছে।
সিগমুন্ডের দাবি, অন্য কোনো দল জোটে না এলে এএফডি এককভাবেই সরকার পরিচালনা করবে। এমনকি দলটির ওপর নজরদারি করা অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা বিলুপ্ত করার কথাও বলেছেন তিনি।
ক্ষোভের সুযোগ নিচ্ছে এএফডি
উচ্চ মূল্যস্ফীতি, অর্থনৈতিক মন্দা ও অভিবাসন ইস্যুতে জার্মান জনগণের একাংশের অসন্তোষ ক্রমেই বাড়ছে। এর প্রভাব পড়েছে দেশটির মূলধারার রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তায়।
চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের নেতৃত্বাধীন সিডিইউও এই চাপের বাইরে নয়। বিপরীতে এএফডির শীর্ষ প্রার্থী উলরিখ সিগমুন্ডের জনপ্রিয়তা বাড়ছে বলে জরিপগুলোতে উঠে এসেছে।
এএফডিকে ঠেকাতে মূলধারার দলগুলো দীর্ঘদিন ধরে ‘ফায়ারওয়াল’ নীতি অনুসরণ করে আসছে। অর্থাৎ দলটির সঙ্গে জোট বা রাজনৈতিক সহযোগিতা না করার অবস্থান নিয়েছে তারা। তবে একক সংখ্যাগরিষ্ঠতা পেলে এই রাজনৈতিক বাধা এএফডির জন্য আর বড় প্রতিবন্ধকতা থাকবে না।
রাশিয়া ইস্যুতেও উদ্বেগ
এএফডির শীর্ষ নেতৃত্বের রুশপন্থী অবস্থান নিয়েও জার্মানির নিরাপত্তা মহলে উদ্বেগ রয়েছে। দেশটির গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করেছে, নির্বাচনে প্রভাব বিস্তার করতে রাশিয়া-সমর্থিত অপতথ্য প্রচারণা আরও জোরদার হতে পারে।
স্যাক্সনি-আনহাল্ট আয়তনে ছোট হলেও শিক্ষা, পুলিশ ও আঞ্চলিক আইন প্রয়োগের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে রাজ্য সরকারের ব্যাপক ক্ষমতা রয়েছে।
তাই এই রাজ্যে এএফডির সম্ভাব্য জয়কে শুধু আঞ্চলিক রাজনৈতিক পরিবর্তন হিসেবে দেখছেন না বিশ্লেষকেরা। তাদের মতে, ফলাফলটি জার্মানির জাতীয় রাজনীতি এবং ইউরোপজুড়ে ডানপন্থী রাজনীতির গতিপথেও বড় প্রভাব ফেলতে পারে।
সূত্র: বিবিসি
Posted ৭:২৫ এএম | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।