ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

মেহেরপুরে অবৈধ ইটভাটায় অভিযান, ভাঙা হলো দুটি ভাটা

জেলা প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   1 বার পঠিত

মেহেরপুরে অবৈধ ইটভাটায় অভিযান, ভাঙা হলো দুটি ভাটা

মেহেরপুরের গাংনী উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে দুটি ইটভাটার স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। এ ছাড়া তিনটি ইটভাটার মালিকের কাছ থেকে ভবিষ্যতে ভাটা চালু না করার শর্তে মুচলেকা নেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকির আহম্মেদ অভিযানে নেতৃত্ব দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জেলার অবৈধ ইটভাটাগুলো বন্ধে ধারাবাহিকভাবে এ অভিযান চালানো হচ্ছে। বৃহস্পতিবারের অভিযানে বামন্দী এলাকার বি.বি.এল, ওলিনগরের আর.এফ.এল এবং বেতবাড়িয়া গ্রামের স্টার ইটভাটার মালিকেরা ভবিষ্যতে ভাটা চালাবেন না বলে মুচলেকা দেন।

এদিকে, বেতবাড়িয়া গ্রামের অবৈধ নিউ স্টার ইটভাটায় অভিযান চালানোর সময় স্থানীয়দের বাধার মুখে পড়ে ভ্রাম্যমাণ আদালত। পরে প্রশাসনের হস্তক্ষেপে ওই ইটভাটার কিছু অংশ ভেঙে দেওয়া হয়।

একই দিন বিকেলে ব্রজপুর গ্রামে পিন্টুর ইটভাটায় অভিযান চালিয়ে সেটি গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় ভবিষ্যতে ইট প্রস্তুত না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকির আহম্মেদ জানান, সরকারি নির্দেশনা অমান্য করে কেউ ইটভাটা চালু রাখলে তার বিরুদ্ধে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মেহেরপুর জেলায় বর্তমানে মোট ৯০টি ইটভাটা রয়েছে। এর মধ্যে মাত্র তিনটির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে। জেলায় প্রায় ৩০টি জিকজ্যাগ ইটভাটা থাকলেও বাকি ভাটাগুলোর অধিকাংশই অবৈধভাবে কাঠ পুড়িয়ে ইট তৈরি করছে।

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, কাঠ পুড়িয়ে পরিবেশের ক্ষতি করে—এমন কোনো অবৈধ ইটভাটা আর চালু রাখতে দেওয়া হবে না। মুচলেকা দেওয়ার পরও কোনো ইটভাটা পুনরায় চালু করা হলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ২:৩০ পিএম | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।