ডেস্ক রিপোর্ট | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 8 বার পঠিত

প্লাস্টিক বর্জ্য, শেওলা ও দূষণে মৃতপ্রায় হয়ে পড়েছিল ভারতের মধ্যপ্রদেশের আজনার নদী। প্রশাসনের অপেক্ষায় না থেকে নদীটি পরিষ্কারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ২১ বছর বয়সী তরুণ সুরেন্দ্র সিং চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিট্টু তাবাহি’ নামে পরিচিত এই তরুণের একক উদ্যোগ এখন দেশ-বিদেশে প্রশংসিত। তার কাজ দেখে নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা ‘দ্য ওশান ক্লিনআপ’ থেকেও এসেছে চাকরির প্রস্তাব।
মধ্যপ্রদেশের রাজগড় জেলার বিয়োরা শহরের বাসিন্দা সুরেন্দ্র বর্তমানে স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। নদীর তীরে একটি মন্দিরের কাছে প্লাস্টিকের স্তূপ, শেওলা, কাদা ও দুর্গন্ধ দেখে তিনি নদী পরিষ্কারের উদ্যোগ নেন। গত ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে আনুষ্ঠানিকভাবে শুরু হয় তার এই অভিযান।
শুরুতে কয়েকজন বন্ধু তার সঙ্গে যোগ দিলেও অল্প সময়ের মধ্যেই এটি একক প্রচেষ্টায় পরিণত হয়। সাঁতার না জানা সত্ত্বেও কোনো পেশাদার নিরাপত্তাসামগ্রী বা আধুনিক যন্ত্রপাতি ছাড়াই সাধারণ দেশীয় সরঞ্জাম ব্যবহার করে নদী থেকে বিপুল পরিমাণ বর্জ্য অপসারণ করেন তিনি।
এই কাজে নিজের জমানো অর্থও ব্যয় করেন বিট্টু। অস্বাস্থ্যকর পরিবেশে দীর্ঘদিন কাজ করতে গিয়ে হাত-পায়ে সংক্রমণ ও ত্বকের সমস্যায় ভুগেছেন। কাজের সময় একাধিকবার বিষাক্ত সাপের মুখোমুখিও হতে হয়েছে তাকে।
নদী পরিষ্কারের বিভিন্ন মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে সেগুলো দ্রুত ভাইরাল হয়ে যায়। নদীর আগের ও পরের চিত্র দেখে মুগ্ধ হন ‘দ্য ওশান ক্লিনআপ’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা বয়া সেন স্ল্যাট।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিট্টুর কাজের একটি পোস্ট রিটুইট করে তাকে নিজেদের সঙ্গে কাজ করার আহ্বান জানান বয়া। তিনি লেখেন, ‘এসো, আমাদের সঙ্গে কাজ করো।’
বিট্টুর উদ্যোগের খবর পৌঁছেছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের কাছেও। তার কাজের প্রশংসা করে মুখ্যমন্ত্রী তাকে নিজের কার্যালয়ে আমন্ত্রণ জানান। শুক্রবার রাতে তাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় বিট্টুর পরিবেশ রক্ষার উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
সাধারণ পরিবারের এই তরুণের একক প্রচেষ্টা এখন শুধু একটি নদী পরিষ্কারের ঘটনা নয়, বরং পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।
সূত্র: এনডিটিভি
Posted ৬:৪৬ এএম | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।