ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 5 বার পঠিত

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকার ব্যবস্থায় ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান। দেশটির সাউথ-ওয়েস্ট সিডনির দ্রুত বর্ধনশীল ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র পদে দায়িত্ব পাওয়া প্রথম বাংলাদেশি নারী হিসেবে মাইলফলক সৃষ্টি করেছেন এলিজা।
ক্যামডেন কাউন্সিলের সাধারণ সভায় কাউন্সিলরদের ভোটে এলিজা রহমান ডেপুটি মেয়র নির্বাচিত হন। বৃহস্পতিবার ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশন এক অভিনন্দন বার্তায় এ তথ্য জানিয়েছে।
একই সভায় কাউন্সিলর ভিন্স ফেরেরি মেয়র নির্বাচিত হন।
এলিজা রহমানের নির্বাচনের মধ্য দিয়ে তিনি অস্ট্রেলিয়ার স্থানীয় সরকার ব্যবস্থায় ডেপুটি মেয়র পদে দায়িত্ব পাওয়া দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি। এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রথম বাংলাদেশি হিসেবে নিকটবর্তী ক্যাম্পবেলটাউন সিটির ডেপুটি মেয়র নির্বাচিত হন মাসুদ খলিল।
ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় এলিজা রহমান বলেন, ‘এই পদে দায়িত্ব পালন করতে পারা অত্যন্ত আনন্দের। আমার নতুন অবস্থানের মধ্য দিয়ে এই চমৎকার কমিউনিটির সেবা চালিয়ে যেতে আমি উন্মুখ হয়ে আছি।’
এলিজার এই অর্জনে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যসহ বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।
Posted ৬:০৬ এএম | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।