ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 2 বার পঠিত
ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভ দমনে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের সংস্পর্শে এসে অস্বাভাবিক রক্তক্ষরণ, ঋতুচক্রের সমস্যা এমনকি গর্ভপাতের শিকার হওয়ার অভিযোগ করেছেন হাজারো নারী ও কিশোরী। এ নিয়ে কাঁদানে গ্যাসের সম্ভাব্য প্রজননস্বাস্থ্যগত প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
গত অক্টোবরে দেশজুড়ে বিক্ষোভে অংশ নেওয়া প্রায় ১০ হাজার নারী ও কিশোরীর অভিজ্ঞতা সংগ্রহ করে এ তথ্য জানিয়েছে নারীবাদী সংগঠন ‘ল্যাক্রিমো দ্য সাং’। সংগঠনটির সংগ্রহ করা তথ্য অনুযায়ী, ৯ হাজার ২০০ জনের বেশি নারী ও কিশোরীর মধ্যে ৯৪ শতাংশই স্ত্রীরোগসংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগগুলোর মধ্যে রয়েছে তীব্র জরায়ুর ব্যথা, অতিরিক্ত রক্তক্ষরণ ও অনিয়মিত ঋতুস্রাব।
সংগৃহীত তথ্য অনুযায়ী, গর্ভবতী ৪৭ জন উত্তরদাতার মধ্যে ১৫ জন গর্ভপাতের কথা জানিয়েছেন। আরও ১৭ জন গর্ভাবস্থায় সংকোচন, ব্যথা কিংবা রক্তক্ষরণের অভিজ্ঞতার কথা বলেছেন। এ ছাড়া দুজনকে জরুরি স্ত্রীরোগ চিকিৎসা নিতে হয়েছে।
গত ১৭ অক্টোবর ফ্রান্সে বিক্ষোভের চরম পর্যায়ে পুলিশ প্রায় ২২ হাজার কাঁদানে গ্যাসের গ্রেনেড নিক্ষেপ করে। এর দুই দিন পর থেকেই অনেক নারী অস্বাভাবিক রক্তক্ষরণ ও শারীরিক সমস্যার কথা জানাতে শুরু করেন। বিশেষ করে ২০ বছরের কম বয়সী কিশোরীদের মধ্যে এসব উপসর্গের হার বেশি বলে জানিয়েছে সংগঠনটি।
তবে কাঁদানে গ্যাসের সঙ্গে এসব শারীরিক সমস্যার সরাসরি কারণগত সম্পর্ক এখনো বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত হয়নি। এ বিষয়ে গবেষণাও সীমিত।
প্যারিসের একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের মতে, কাঁদানে গ্যাসে থাকা রাসায়নিক উপাদান জরায়ুর সংকোচন ঘটাতে পারে, যা গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে ঝুঁকি তৈরি করতে পারে।
অন্যদিকে, ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২১ ও ২০২২ সালে পরিচালিত সরকারি গবেষণায় কাঁদানে গ্যাসের কারণে বিশেষ কোনো স্বাস্থ্যঝুঁকির প্রমাণ পাওয়া যায়নি। তবে ওই গবেষণার ফলাফল প্রকাশ করা হয়নি।
নারী অধিকারকর্মী ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বিপুলসংখ্যক নারী ও কিশোরীর একই ধরনের উপসর্গের অভিযোগ উপেক্ষা করার সুযোগ নেই। বিষয়টি নিয়ে আরও স্বাধীন বৈজ্ঞানিক গবেষণা এবং বিক্ষোভ দমনে পুলিশের কাঁদানে গ্যাস ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন প্রয়োজন।
সূত্র: দ্য গার্ডিয়ান
Posted ১১:২৭ এএম | শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।