নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 4 বার পঠিত
প্রাণিসম্পদ খাত অচিরেই বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশে উৎপাদিত প্রাণী ও প্রাণিজাত পণ্য বিশ্ববাজারে প্রবেশ করাতে হলে খাদ্য নিরাপত্তা (ফুড সেফটি) ও আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মান কঠোরভাবে নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সরকার আন্তর্জাতিক মানের আধুনিক প্রাণিজপণ্য প্রসেসিং সেন্টার ও রোগমুক্ত অঞ্চল গড়ে তুলছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, গ্রামীণ অর্থনীতি ও কৃষি অর্থনীতির প্রাণ হলো কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ। দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিজস্ব উৎপাদনের মাধ্যমে পুষ্টির চাহিদা পূরণ করে সেই উৎপাদনকে শিল্পে রূপান্তর করতে পারলে স্বনির্ভর ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলা কঠিন নয়। এজন্য প্রয়োজন সদিচ্ছা, সুষ্ঠু পরিকল্পনা ও তার যথাযথ বাস্তবায়ন।
তিনি বলেন, পুষ্টিগতভাবে শক্তিশালী প্রজন্মের শেখার সক্ষমতা, কর্মদক্ষতা ও উদ্ভাবনী শক্তি বেশি বিকশিত হয়। মেধাবী জাতি গঠনের স্বপ্ন পুষ্টির নিরাপত্তার সঙ্গে গভীরভাবে যুক্ত। আমরা আত্মনির্ভরশীল ও মেধাসমৃদ্ধ জাতি গঠনের জন্য এগিয়ে যাচ্ছি। এ ক্ষেত্রে প্রাণিজ আমিষ অন্যতম পূর্বশর্ত।
তারেক রহমান বলেন, বর্তমানে দেশের জনগণের প্রাণিজ আমিষ গ্রহণের ৫৬ শতাংশ দুধ, মাংস ও ডিম থেকে নিশ্চিত হয়। প্রাণিজ আমিষের উৎপাদন শুধু খাদ্য নিরাপত্তার বিষয় নয়, এর সঙ্গে অর্থনৈতিক স্বাবলম্বিতাও জড়িত। প্রাণিসম্পদের উন্নয়ন শুধু গবাদিপশু ও হাঁস-মুরগি পালনেই সীমাবদ্ধ নয়; বরং এটি দ্রুত বাণিজ্যিক, পুষ্টি-নিরাপদ ও রপ্তানিমুখী শিল্পে রূপ নিচ্ছে।
তিনি জানান, চলতি অর্থবছরে স্থির মূল্যে জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। কৃষিজ জিডিপিতে এ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ।
প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রাণিসম্পদ খাত অভ্যন্তরীণ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি ধীরে ধীরে রপ্তানিমুখী খাতে রূপ নিচ্ছে। বর্তমান সরকারের সময়কালে ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে প্রাণিসম্পদ খাতে ১০৪ দশমিক ৬৪ লাখ মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে। এ খাতের বিকাশে সরকার সব ধরনের নীতি ও অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় প্রাণিসম্পদ খাতের সাফল্যের জন্য খামারিদের ধন্যবাদ জানান তিনি।
তারেক রহমান বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতের উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সম্ভাবনা আরও বাড়ানো সম্ভব। আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারি প্রশিক্ষণ, গবেষণা ও উৎপাদন বৃদ্ধির উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়িত হলে দেশ প্রাণিসম্পদ খাতে আরও স্বনির্ভর হবে এবং বৈদেশিক মুদ্রা অর্জন বাড়বে।
তিনি বলেন, বাংলাদেশের জন্য স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত ও অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি সম্প্রসারণের সুযোগ রয়েছে। বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ‘হ্যাচিং এগ’ বা বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম রপ্তানি করতেও সক্ষম হয়েছে। এভাবে নতুন নতুন রপ্তানি বাজার সম্প্রসারণ করতে হবে এবং বিদেশে প্রাণিজ পণ্যের বাজার খুঁজে বের করতে হবে।
প্রধানমন্ত্রী মনে করেন, দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত পণ্য ও পোলট্রি পণ্য রপ্তানির বাজার সম্প্রসারণে বাংলাদেশের সামনে বিশাল সম্ভাবনা রয়েছে। বর্তমান সরকার প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও স্বয়ংসম্পূর্ণ করার ওপর গুরুত্ব দিয়েছে। এ খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু পালন, কৃত্রিম প্রজনন, টিকাদান, রোগ প্রতিরোধ, উন্নত খাদ্য ব্যবস্থাপনা ও খামারের বর্জ্য ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
পোলট্রি শিল্প দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশে বর্তমানে বাণিজিক ও প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোলট্রি খামার রয়েছে। এসব খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপন্ন হচ্ছে, যা আশাব্যঞ্জক। ইতোমধ্যে এ খাতে বিপুলসংখ্যক উদ্যোক্তা তৈরি হয়েছে। পোলট্রি খাতের সঙ্গে প্রায় ৬০ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত, যার মধ্যে ৪০ শতাংশ নারী। বর্তমানে এ খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা।
তিনি বলেন, বর্তমানে প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি দৈনন্দিন জীবিকা নির্বাহের জন্য পশু পালন করেন। দেশজুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য খামার খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান ও রপ্তানিতে অবদান রাখছে। তাই পশুপ্রাণীর চিকিৎসা নিশ্চিত করা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। গবাদিপশুর রোগ প্রতিরোধ ও চিকিৎসাসেবা খামারিদের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে।
প্রাণিসম্পদের উন্নয়ন ও বিকাশের প্রধান অন্তরায় বিভিন্ন ধরনের রোগবালাই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে পশু চিকিৎসায় ইতোমধ্যে ১৭টি রোগের টিকা উৎপাদিত হচ্ছে। তবে তা পর্যাপ্ত নয়। এ কারণে সরকার আধুনিক ভ্যাকসিন উৎপাদন প্ল্যান্ট তৈরির উদ্যোগ নিয়েছে।
বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, সিলেট ও সুনামগঞ্জের হাওরে মহিষের প্রাপ্যতা ও উৎপাদন বেশি উল্লেখ করে তিনি বলেন, এসব উপকূলীয় অঞ্চলে জেগে ওঠা নতুন চর ও সরকারি খাসজমি সমবায় বন্দোবস্তের মাধ্যমে খামারিদের ব্যবহারের জন্য বরাদ্দের সুযোগ রয়েছে। এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যথাযথ উদ্যোগ নিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে উদ্যোগী ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বিশেষ করে শহরাঞ্চলে আর্থিকভাবে সক্ষম মানুষের মধ্যে উন্নত বিশ্বের মতো পোষা প্রাণী ও খাঁচায় পাখি পালন বেড়েছে। এসব প্রাণী মানুষের মানসিক প্রশান্তির পাশাপাশি অনেকের আয়ের উৎস হয়ে উঠেছে। তবে মানুষের যেমন অধিকার রয়েছে, তেমনি পশুপাখির অধিকার সম্পর্কেও অবহেলা করা চলবে না।
তিনি বলেন, জীবজন্তু ও পশুপাখির জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত কয়েকটি অধিকার রয়েছে। প্রাণীকে ক্ষুধা ও তৃষ্ণা থেকে মুক্ত রাখতে হবে, অস্বস্তিতে রাখা যাবে না, ব্যথা, আঘাত ও রোগ থেকে মুক্ত রাখতে হবে এবং স্বাভাবিক আচরণ প্রকাশের স্বাধীনতা দিতে হবে। সর্বোপরি প্রাণীকে ভয় ও মানসিক যন্ত্রণা দেওয়া যাবে না। মানবিক মানুষ হিসেবে প্রত্যেককে পশুপাখির অধিকার সম্পর্কে সচেতন থাকতে হবে। এটি আমাদের মানবিক দায়িত্ব।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য প্রাণিসম্পদ খাতের সমস্যা, সম্ভাবনা ও সাফল্য জনগণের সামনে তুলে ধরা উল্লেখ করে তারেক রহমান বলেন, খামারিরাই এ খাতের মূল চালিকাশক্তি। তাঁদের মেধা, পরিশ্রম, নিষ্ঠা ও উদ্যোগের ফলেই দেশের প্রাণিসম্পদ খাত এগিয়ে যাচ্ছে। তাই খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি, ন্যায্যমূল্য ও প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও বিকাশে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে ‘জাতীয় প্রাণিসম্পদ পদক’ প্রাপ্তদের আন্তরিক অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ অর্জন দেশের প্রাণিসম্পদ খাতে তাঁদের অসামান্য অবদানের স্বীকৃতি। তাঁদের এ অর্জন দেশের লাখো উদ্যোক্তা, গবেষক ও খাতসংশ্লিষ্ট সবার জন্য অনুপ্রেরণার উৎস হবে।
প্রতিভাবান খামারি, উদ্যোক্তা ও প্রাণিসম্পদ গবেষকদের মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে বাংলাদেশ অচিরেই বৈশ্বিক প্রাণিসম্পদ বাজারে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
Posted ৭:০৫ এএম | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।