ডেস্ক রিপোর্ট | বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 1 বার পঠিত
বিশ্ববিদ্যালয়ের কাজ শুধু শিক্ষার্থীদের সনদ দেওয়া নয়, বরং জ্ঞানচর্চা, গবেষণা ও নতুন উদ্ভাবনের মাধ্যমে উৎকর্ষের কেন্দ্র হিসেবে গড়ে ওঠা। এ লক্ষ্য সামনে রেখে দেশের প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (২৫ নভেম্বর) মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) কাউন্সিল অব এমআইএসটির ২৩তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান বিশ্বের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাব্যবস্থাকে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী করতে হবে। পাশাপাশি সততা, নিষ্ঠা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ দক্ষ প্রজন্ম গড়ে তোলাও সরকারের অন্যতম লক্ষ্য।
তিনি আরও বলেন, বাংলাদেশকে আন্তর্জাতিক উচ্চশিক্ষার কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে কাজ চলছে। এ উদ্যোগ সফল হলে দেশের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক মানের জ্ঞান ও উৎকর্ষকেন্দ্র হিসেবে গড়ে উঠবে। একই সঙ্গে উচ্চশিক্ষা গ্রহণে বিদেশি শিক্ষার্থীদের কাছেও বাংলাদেশ আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠবে।
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), বিগ ডেটা এবং রোবোটিকসের মতো আধুনিক প্রযুক্তি খাতে জ্ঞানার্জন ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী।
সভায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে শিক্ষামন্ত্রী এমআইএসটির স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেন।
সূত্র: বাসস
Posted ৯:৪৫ এএম | বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।